২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিল্প-কারখানা গড়ে তুলতে হবে: সিএস করিম

কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিল্প-কারখানা গড়ে তুলতে হবে। তিনি বলেন, "দেশে যোগ্যতা সম্পন্ন বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও দেশীয় শিল্পোদ্যক্তারা তাদের শিল্প-কারখানার সমস্যা নিরসনে বিদেশ থেকে কম মেধা সম্পন্ন বিশেষজ্ঞদের নিয়ে আসছেন। এটি আমাদের দৈন্যতা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিল্প-কারখানা গড়ে তুলতে হবে। তিনি বলেন, "দেশে যোগ্যতা সম্পন্ন বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও দেশীয় শিল্পোদ্যক্তারা তাদের শিল্প-কারখানার সমস্যা নিরসনে বিদেশ থেকে কম মেধা সম্পন্ন বিশেষজ্ঞদের নিয়ে আসছেন। এটি আমাদের দৈন্যতা।" শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত ৩০তম 'বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি কনফারেন্স' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উচ্চ শিক্ষা অর্জনের পর দেশীয় বিশেষজ্ঞদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন বলে মনে করেন ড. সিএস করিম। মৌলিক সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষজ্ঞদের গবেষণার মান বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ওপরও গুরুত্বারোপ করেন উপদেষ্টা। অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান এবং সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান। চবি সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. এম মহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন- কৃষি সচিব মো. আব্দুল অজিজ এবং স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম। আরও বক্তব্য রাখেন- অধ্যাপক ড. সরোজকান্তি সিংহ হাজারী, অধ্যাপক মোহাম্মদ হাবিব উল্লাহ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ আই মোস্তফা। এছাড়া দিনব্যাপী এ সম্মেলনে সাইন্টিফিক ও বিজনেস সেশন নামে দুটি পর্বে বিভিন্ন গবেষণা প্রতিবেদন ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। এবারের সম্মেলন চবি বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী প্রয়াত অধ্যাপক ড. এম. এ সালেহ এর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/এমএসবি/২১১৩ ঘ.