২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ নারী শ্রমিককে সম্মাননা দিল 'ন্যায্য বাণিজ্য জোট'

জাতীয় অর্থনীতি, বিশেষ করে পোশাক শিল্পে অবদানের জন্য ৩০ জন নারী শ্রমিককে সম্মাননা দিয়েছে শ্রমিক অধিকার সংগঠন 'ন্যায্য বাণিজ্য জোট'। শুক্রবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে এক সংহতি সমাবেশে তাদের সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত এই ৩০ নারী বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনীতি, বিশেষ করে পোশাক শিল্পে অবদানের জন্য ৩০ জন নারী শ্রমিককে সম্মাননা দিয়েছে শ্রমিক অধিকার সংগঠন 'ন্যায্য বাণিজ্য জোট'। শুক্রবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে এক সংহতি সমাবেশে তাদের সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত এই ৩০ নারী বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজ করেন। এরা হলেন- মমতাজ, রীতা রানী, আফরোজা রহমান, পিয়ারা বেগম, ফাহিমা বেগম, সেলিনা বেগম, সেতারা বেগম, আসমা আক্তার, মনি, রাশিদা, হোসনে আরা, আফরোজা বেগম শিলা, ইফফাত আরা শেলী, মুক্তা, কুলসুম আক্তার, শিরীন, খালেদা আক্তার, রহিমা বেগম, পারুল বেগম, শামসুন নাহার দীপু, সৈয়দা শামিম জাহান, জীবন নাহার, ডলি আক্তার, তানিয়া আক্তার, রাবেয়া আক্তার, বিউটি, মনি, লিপি, রুখসানা ও রহিমা বেগম। কাঙালীনি সুফিয়ার গাওয়া 'ওরে আমরা নারী-কতো কষ্ট করি' গানের মধ্য দিয়ে সংহতি অনুষ্ঠানের শুরু হয়। সংহতি বক্তব্যে অ্যাডভোকেট সালমা আলী বলেন, "বর্তমানে প্রায় ১৮ লাখ নারী শ্রমিক পোশাক শিল্পে কাজ করছে। তাদের মধ্যে থেকে ৩০ জন নারীকে সম্মাননা দিচ্ছি আমরা। পরিবার, সমাজ ও রাষ্ট্র সবক্ষেত্রেই তারা অবদান রাখছেন।" সংহতি বক্তব্য শেষে সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, শিক্ষাবিদ আইনুন নাহার, মানবাধিকার কর্মী ও আইনজীবী সালমা আলী, ভাস্কর ফেরদৌস প্রিয়ভাষিনী, শিক্ষিকা শারমিন কবির, সংবাদ কর্মী ফরিদা ইয়াসমিন ও আদিবাসী নেতা রবিন সরেন ৩০ নারী শ্রমিকের হাতে সম্মাননা তুলে দেন। গাজীপুরের লাভেল সুয়েটার লিমিটেডের লিংকিং অপারেটর আসমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ ১৫ বছর ধরে কাজ করছি। আজ এই সম্মান পেয়ে খুবই খুশি লাগছে।" তিনি জানান, নিজের কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চ মাধ্যমিক পাশ করতে চান তিনি। ঢাকা কাফরুলের মিসামী গার্মেন্টসের অপারেটর ইফফাত আরা শেলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই সম্মাননা আমাকে আরো ভালোভাবে কাজ করার উৎসাহ দেবে।" অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী আজম খান, কাঙালীনি সুফিয়া, ফাতেমাতুজ জোহরা, ফাহিম হোসেন চৌধুরী, মাহামুদুজ্জামান বাবু, কৃষ্ণকলি এবং ব্যান্ডদল রাগা ও আজব সঙ্গীত পরিবেশন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জেকে/এমএ/২০৩৩ঘ.