ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দাঙ্গা-হাঙ্গামা' হতে পারে, এমন আশঙ্কায় যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সেক্টর কমান্ডারস ফোরামের ১৫ মার্চের জাতীয় কনভেনশনের অনুমতি দেয়নি পুলিশ। তারা বলেছে, এরপরও কর্মসূচি পালনের চেষ্টা হলে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যা প্রয়োজন তাই করা হবে।
সরকারের অনুমতি না পাওয়ায় জাতীয় কনভেনশন স্থগিত করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। সেক্টর কমান্ডাররা সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, অনুমতি না দেওয়ার ঘটনা ন্যক্কারজনক। তবে এরপরও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বৃহস্পতিবার বিকেলে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কনভেনশনের অনুমতি না দেওয়ার কথা জানান।
তিনি বলেন, "সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ- ৭১' গত ১৪ জানুয়ারি স্বরাষ্ট্র সচিবের কাছে স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ মার্চ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আবেদন করে। তাতে বলা হয়, অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাব-সেক্টর কমান্ডার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সম্মানিত নাগরিকরা সম্মিলিতভাবে ১৯৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।"
অনুষ্ঠানটি অরাজনৈতিক হিসাবেও উল্লেখ করা হয়েছিল জানান পুলিশ কমিশনার।
তিনি বলেন, আবেদনপত্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা থাকলেও এর আমন্ত্রণপত্র পর্যালোচনায় দেখা গেছে, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করার দাবিতে দেশবাসীকে সংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য ওই কর্মসূচি দেওয়া হয়েছে।
এছাড়া, আবেদনপত্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলা হলেও আমন্ত্রণপত্রে তার উল্লেখ নেই। সেখানে কর্মঅধিবেশন/প্রতিনিধি সভা করার কথা বলা হয়েছে।
নাইম আহমেদ বলেন, "আমন্ত্রণপত্র ও আবেদনপত্রের অসঙ্গতি রয়েছে। আর এ কারণে দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা থাকায় কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।"
প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জানান, অনুষ্ঠানের অনুমতি চেয়ে প্রায় দু'মাস আগে আবেদন করেছিল সেক্টর কমান্ডারস ফোরাম। তবে আমন্ত্রণপত্রটি মাত্র দুদিন আগে পাওয়া গেছে। কর্মসূচির অনুমতি না দেওয়ার পরও তা পালনের চেষ্টা হলে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে।
সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের অনুমতি না পাওয়ায় ১৫ মার্চের জাতীয় কনভেনশন আমরা স্থগিত করেছি।"
মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তম 'দাঙ্গা-হাঙ্গামার' আশঙ্কায় কনভেনশনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা এ ঘটনাকে 'ন্যক্কারজনক' মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা জেলা ও বিভাগীয় পর্যায়ে সভা করেছি। সেখানে তো কোনো ঝামেলা হয়নি। এখন অজুহাত দেখিয়ে কনভেশনের অনুমতি না দেওয়া ন্যক্কারজনক।"
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে- জানিয়ে তিনি বলেন, "বর্তমান সরকারের কাছ থেকে এমন আচরণ আমরা কখনো চিন্তাও করিনি।"
সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরী বলেন, "আমরা কোনো সরকারবিরোধী আন্দোলন করতে পারি- এই ভেবে সরকার হয়ত ভয় করছে। এ ভাবনা অমূলক। আমরা রাজনীতির কোনো কথা বলিনি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করেছি। সরকারের সঙ্গেও আমাদের এ নিয়ে কথা হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এসে আমাদের কর্মসূচি নস্যাৎ করাটা খুবই দুঃখজনক।"
জাতীয় কনভেনশনের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশীদও সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, "ছয়টি বিভাগেই যুদ্ধাপরাধীদের বিচার দাবির পক্ষে জনমত গঠনে আমার সভা করেছি। তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। বিশৃঙ্খলাও হয়নি। এরই ধারবাহিকতায় ঢাকায় জাতীয় কনভেনশনের কর্মসূচি দেওয়া হয়। এতে আশঙ্কার কী দেখছে সরকার তা আমাদের বোধগম্য নয়।"
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত ৪ মার্চ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র জাতীয় কনভেনশনের ঘোষণা দেয় সেক্টর কমান্ডারস ফোরাম। কনভেনশনে সারাদেশের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণের কথা ছিল।
সেক্টর কমান্ডারস ফোরাম একই দাবিতে ২৫ মার্চ দেশব্যাপী রাত ১২টায় এক মিনিট 'ব্ল্যাক আউট' কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২১২৭ ঘ.
bdnews24