২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভক্তির রাজনীতি থেকে সরে আসুন: আকবর আলি

'সৎ ও ভালো' মানুষ খোঁজার তাগিদ দিয়ে দেশের জনগণকে বিভক্তির রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'সৎ ও ভালো' মানুষ খোঁজার তাগিদ দিয়ে দেশের জনগণকে বিভক্তির রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ক্যানাডা প্রবাসী মুক্তিযোদ্ধা রাজ্জাক হাওলাদারের বই 'রাহুগ্রস্ত স্বদেশ এবং ১/১১' এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আকবর আলি খান বলেন, "আমরা সৎ ও ভালো মানুষের খোঁজ করি না, যারা দেশের জন্য অবদান রেখেছে তাদের কীর্তি আমাদের জানতে হবে। দেশে ভালো মানুষ থাকলেও খারাপ মানুষ তাদের তাড়া করে ফিরছে। এ অবস্থার পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, "মুক্তিযোদ্ধারা আজ বিভক্ত হয়ে আছে। তাদের এক হওয়া উচিত। বিভক্তির রাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে।" দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে আমূল সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একাত্তরের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধা আকবর আলি খান বলেন, "যুদ্ধের সময়ে কর্মক্ষেত্রে অনুপস্থিতির জন্য পাকিস্তান সরকার আমাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়। ওই সময় আমি ধরা দিলে কী হতো জানি না।" অনুষ্ঠানে কবি বেলাল চৌধুরী, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বীরবিক্রম ও সাংবাদিক রেজাউল করীম তালুকদার বক্তব্য রাখেন। বইটির লেখক রাজ্জাক হায়দার বলেন, "স্বাধীনতার ৩৬ বছর পর বাংলাদেশ আর মোটেও শিশু রাষ্ট্র নয়। মুুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল এতদিনেও তা হয়নি। বরং স্বাধীনতা বিরোধীরাই সবকিছুতে জেঁকে বসেছে। ১১ জানুয়ারি রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম, কিন্তু সত্যিকার অর্থে দেশের মানুষ কতটা লাভবান হবে এ ব্যাপারে সন্দেহ রয়েছে।" ২৫৬ পৃষ্ঠার এ বইয়ে প্রবাসী এই লেখক দেশের অতীত সরকারগুলোর কর্মকাণ্ড এবং ১১ জানুয়ারির প্রেক্ষাপট তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধে নিজের অভিজ্ঞতার কথাও লিখেছেন রাজ্জাক হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএম/টিএইচ/জেকে/এমএ/১৮০০ ঘ.