২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় খুনের ঘটনা বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উদ্বেগ

মার্চের শুরুর কয়েক দিনে শুধু ঢাকা মহানগরীতেই ১৭টি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি। তবে তারা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্চের শুরুর কয়েক দিনে শুধু ঢাকা মহানগরীতেই ১৭টি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি। তবে তারা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত মাসিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করারও নির্দেশ দেয়। কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, সিআইডি'র অতিরিক্ত মহাপরিদর্শক ফণিভূষণ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে উপদেষ্টা এমএ মতিন ও স্বরাষ্ট্র সচিব আবদুল করিম আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেননি। তবে মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সভার বিষয়ে সাংবাদিকদের তথ্য দেন। তিনি বলেন, সভায় সাবেক অর্থ মন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড, সাবেক উপাচার্য আফতাব আহমাদ হত্যাকাণ্ড এবং ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়ে আলোচনা হয়। ওই কর্মকর্তা জানান, কিবরিয়া পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ওই হত্যা মামলার আরো তদন্তের জন্য ইন্টারপোল ও এফবিআই এর সহায়তা চেয়ে চিঠি দেয়ার বিষয়টি পুলিশ কর্তৃপক্ষ সভায় জানান। তবে চিঠির কোন জবাব এসেছে কিনা, তা সভায় জানানো হয়নি। সভায় বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অধ্যাপক আফতাব আহমাদ হত্যা মামলার তদন্তে এতদিন তেমন অগ্রগতি ছিল না। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন গ্রেপ্তারের পর আফতাব হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে। এছাড়াও সভায় পুলিশ হেফাজতে বন্দির মৃত্যু বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমএ/১৭৫০ ঘ.