ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর আহ্বানে অসহযোগ আন্দোলনে পূর্ব পাকিস্তানের প্রশাসন অচল। এমন পরিস্থিতিতে ১৯৭১ সালের এই দিনে সরকারি এক আদেশে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের ১৫ মার্চ সকাল ১০টার মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়।
নির্দেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত ও পলাতক ঘোষণা করে সামরিক আদালতে বিচার করা হবে। নির্দেশ অমান্যকারীদের সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড দেওয়া হবে বলেও সাবধান করে দেওয়া হয়।
সরকারের এই আদেশের ফলে সরকারবিরোধী অসন্তোষ ও বিক্ষোভ আরো তীব্র হয়ে ওঠে। বঙ্গবন্ধু এক বিবৃতিতে সামরিক কর্তৃপক্ষের প্রতি 'উষ্কানিমূলক তৎপরতা' থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, "জনগণকে যত ভয় দেখানো হোক না কেন, তারা তাদের সংগ্রাম চালিয়ে যাবে।"
১৩ মার্চ এক বৈঠকে বিরোধীদলের নেতারা অবিলম্বে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। জমিয়াতুল উলমে-ই-ইসলামীর সংসদীয় দলের নেতা মাওলানা মুফতি মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সামরিক আইন প্রত্যাহার, ২৫ মার্চের আগেই ক্ষমতা হস্তান্তর এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার আহবান জানানো হয়।
লাহোরে জাতীয় পরিষদের সংখ্যালঘিষ্ঠ পাঁচটি দলের পার্লামেন্টারি পার্টির নেতারাও অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার ও বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
এইদিন পূর্ব পাকিস্তান অভ্যন্তরীণ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শীতলক্ষ্যায় একটি দীর্ঘ নৌ-মিছিল বের হয়।
ছাত্র সংগ্রাম পরিষদ রমনা পার্কে এক জনসভা করে এদিন। চট্টগ্রামে বেগম উমরতুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত দেশের মানুষের প্রতি বিলাসদ্রব্য বর্জন ও কালো ব্যাজ ধারণের আহবান জানানো হয়।
আগের কয়েকদিন ধরেই বিদেশি কূটনীতিকদের সরিয়ে নেওয়ার কথা শোনা যাচ্ছিল। এদিন বিশেষ বিমানে সপরিবারে ঢাকা ত্যাগ করেন ঢাকার জাতিসংঘ ও পশ্চিম জার্মানি দূতাবাসের কর্মচারীরা। ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ২৬৫ জন নাগরিকও ঢাকা ছাড়েন।
চিত্রশিল্পী জয়নুল আবেদীন ও সাবেক জাতীয় পরিষদ সদস্য আবদুল হাকিম পাকিস্তান সরকারের দেওয়া খেতাব ও পদক বর্জন করেন এদিন।
ভৈরবে এক জনসভায় ন্যাপ প্রধান মওলানা ভাসানী বলেন, "বর্তমানে পূর্ববাংলা মূলত স্বাধীন। বাঙালি এখন একটি পূর্ণাঙ্গ সরকার গঠনের অপেক্ষায়।"
এদিকে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আ স ম আবদুর রব ও আবদুল কুদ্দুস মাখন এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ত্যাগকারীদের বাড়ি-গাড়ি-সম্পদ কিনে বাংলার অর্থ পশ্চিম পাকিস্তানে পাচারে সহযোগিতা না করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১২০৭ঘ.
bdnews24