২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ থাকায় হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্র মামলায় আদালতে নেওয়া হয়নি

অসুস্থ থাকায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা যায়নি। অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 04:32 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অসুস্থ থাকায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা যায়নি। অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ আদেশ দেন। শেখ হাসিনা বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসিনার বিদেশে চিকিৎসার জন্য সুপারিশ করেছেন। বৃহস্পতিবার সকালে উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দীকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "শেখ হাসিনাকে আদালতে হাজির করার জন্য বলা হয়েছিল। কিন্তু তার চিকিৎসকরা বলেছেন, তিনি যেহেতু হাসপাতালে ভর্তি আছেন তাই আদালতে হাজির না করাই ভালো। এ পরিস্থিতিতে আজ শেখ হাসিনাকে আদালতে হাজির করা হচ্ছে না। " মামলার অন্যতম আসামী বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী আদালতে হাজির ছিলেন। বাকিরা সবাই পলাতক। সকাল ১০টায় বিচারক এজলাসে আসার পর আসামীপক্ষের আইনজীবীদের অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে বলেন। জবাবে আইনজীবীরা বলেন, "মামলার অন্যতম অভিযুক্ত শেখ হাসিনাকে আদালতে হাজির করা হয়নি। এই অবস্থায় তার অনুপস্থিতিতে শুনানিতে অংশগ্রহণ করা সম্ভব নয়। এছাড়া তা আইন-বহির্ভূতও বটে।" এসময় আইনজীবীরা আদালত মুলতবি করার জন্যও বিচারকের কাছে আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে বলেন, "আইন অনুযায়ী আসামীর অনুপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি চলতে পারে। কারণ এখানে তার নিযুক্ত আইনজীবীরা রয়েছেন।" এই অবস্থায় বিচারক আগামী ১৭ মার্চ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে গত ৯ মার্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে উপস্থাপন করেন। বৃহস্পতিবার এ মামলায় আসামিপক্ষের আইনজীবীদের শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল। প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/আরবি/এসকে/১১০৮ঘ.