২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগ্রাম পরিষদ গঠনের আহ্বান

১৯৭১ সালের ১২ই মার্চ সকাল থেকে রাত অবধি স্থানীয় ও পশ্চিম পাকিস্তানি রাজনৈতিক নেতাদের সঙ্গে বঙ্গবন্ধু তার বাসভবনে বৈঠক করে প্রত্যেককে যার যার এলাকায় গিয়ে সংগ্রাম পরিষদ গঠনের আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 06:29 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালের ১২ই মার্চ সকাল থেকে রাত অবধি স্থানীয় ও পশ্চিম পাকিস্তানি রাজনৈতিক নেতাদের সঙ্গে বঙ্গবন্ধু তার বাসভবনে বৈঠক করে প্রত্যেককে যার যার এলাকায় গিয়ে সংগ্রাম পরিষদ গঠনের আহবান জানান। এদিন বগুড়া জেলখানা ভেঙে ২৭ জন কয়েদি পালিয়ে যান। চলচ্চিত্র প্রদর্শকরা চলমান অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। জাতীয় শ্রমিক লীগের এক জরুরি সভায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যকর কমিটির সভায় সব ইউনিট ও ইউনিয়নকে সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দেওয়া হয়। জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ জহির উদ্দিন পাকিস্তান সরকারের খেতাব বর্জন করেন এদিন। পাশাপাশি রাওয়ালপিন্ডিতে এক সরকারি ঘোষণায় ২৩ মার্চ অনুষ্ঠেয় পাকিস্তান দিবসের নির্ধারিত সম্মিলিত সশস্ত্রবাহিনীর কুচকাওয়াজ, খেতাব বিতরণ ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়। লাহোরে এক সংবাদ সম্মেলনে গণঐক্য আন্দোলনের প্রধান এয়ার মার্শাল (অবঃ) আসগর খান বলেন, পাকিস্তানকে রক্ষা করার জন্য এখন একটাই পথ খোলা রয়েছে। তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে ১৩ই মার্চের প্রথম ফ্লাইটে ঢাকা যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, "হাতে সময় খুবই কম। আপনি ঢাকা গিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠকে বসুন।" আসগর খান পূর্ব পাকিস্তানের গণ অভ্যুত্থান সম্পর্কে অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন পাকিস্তান সরকারকে । এদিকে লারকানা থেকে লাহোরে যাওয়ার পথে মুলতান বিমানবন্দরে পিপলস পার্টি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, "পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি রক্ষার জন্য আমার দল সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।" লাহোরে ন্যাপের মহাসচিব সিআর আসলাম এক বিবৃতিতে বলেন, শক্তি প্রয়োগের নীতি অব্যাহত থাকলে পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতার মনোভাব শক্তিশালী হবে। প্রেসিডেন্ট ইয়াহিয়ার উচিত অবিলম্বে বঙ্গবন্ধুর চার দফা দাবি মেনে নেওয়া। লাহোরের স্থানীয় বুদ্ধিজীবী, রাজনীতিকসহ ছাত্র, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। এদিকে রেডিও পাকিস্তানের করাচি কেন্দ্রের বাংলা খবর পাঠক সরকার কবীর উদ্দিন বেতারে বঙ্গবন্ধুর খবর প্রচারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের প্রতিবাদে রেডিও পাকিস্তান বর্জন করেন। প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ দলের নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে বাংলাদেশের জন্য পাঠানো খাদ্য বোঝাই মার্কিন জাহাজের গতি বদল করে করাচি নেওয়ার ঘটনায় উৎকণ্ঠা ও নিন্দা প্রকাশ করেন। একাত্তরের এইদিনে পটুয়া কামরুল হাসানের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়-শাপলাই হবে জাতীয় ফুল। শুধু শিল্পীরা নন, এদিন আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন সরকারি কর্মচারী, সাংবাদিক, সাহিত্যিকরাও। চারু ও কারুশিল্প মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ শফিকুল হোসেনের নেতৃত্বে শিল্পীরা সিদ্ধান্ত নেন, অসহযোগ আন্দোলন এগিয়ে নিতে তারা মুক্তিকামী মানুষের মধ্যে স্কেচ, পোস্টার ও ফেস্টুন বিতরণ করবেন। এদিন শিল্পী মূর্তজা বশীর ও কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে গঠিত হয় চারুশিল্পী সংগ্রাম পরিষদ। পূর্ব-পাকিস্তান সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন এদিন আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মসূচির জন্য তাদের একদিনের বেতন দেয়ার সিদ্ধান্ত নেয়। পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন নেতারা সভা করে আন্দোলনের পক্ষে সমর্থন ব্যক্ত এবং রাজপথে মিছিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/আরএ/১২১৪ ঘ.