চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সময় মত ক্লাশ না নেওয়ার এবং বিভাগে উপস্থিত না থাকার সতত্যা হাতেনাতেই পেয়েছেন উপাচার্য। মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শনে গিয়ে শিক্ষক-কর্মচারিদের অনুপস্থিতি ও ক্লাশ না হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেন।
সকাল নয়টায় উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম আকস্মিকভাবে কলা অনুষদ পরিদর্শনে গিয়ে দেখতে পান অনুষদের দশটি বিভাগের কোনটিতেই ক্লাশ হচ্ছে না এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে কোন শিক্ষক, এমনকি বিভাগীয় সভাপতিও সে সময় উপস্থিত ছিলেন না। তখনও খোলা হয়নি অনেক বিভাগের শ্রেণী ও শিক্ষকদের কক্ষ।
বিভাগগুলো হল- বাংলা, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, আরবী ও ইসলামী শিক্ষা, প্রাচ্য ভাষা, চারুকলা ও দর্শন।
এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল নয়টায় বিভাগগুলোতে শিক্ষকদের উপস্থিতি না দেখে আমি অবাক হয়েছি। এমনকি কোন বিভাগে ওই সময়ে ক্লাশও হয়নি। অথচ বিশ্ববিদ্যালয় কার্যসময় শুরু হওয়ার পর আধ ঘন্টা পেরিয়ে গেছে।"
তিনি আরও বলেন, "সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে যে কেউ বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করলে নিয়মানুযায়ী আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।"
কলা অনুষদের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সকাল সাড়ে দশটায় উপাচার্য সকল অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভিন্ন বিভাগের বিভাগীয় সভাপতিদের নিয়ে জরুরি সভা করেন। সভায় তিনি শিক্ষকদের যথা সময়ে বিভাগে না আসা এবং ক্লাশ না নেওয়ার ব্যাপারে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সকল বিভাগে যথা সময়ে ক্লাশ নেওয়া, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের ব্যাপারে কেউ কোন ধরনের অবহেলা করলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
উপাচার্য প্রতিদিন সকাল নয়টায় সকল অনুষদের সকল বিভাগে অবশ্যই ক্লাশ শুরু এবং প্রত্যেক বিভাগের সভাপতিকে তার অফিসে উপস্থিত থাকতে বলেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রত্যেক বিভাগের ক্লাশ রুটিন উপাচার্যের কাছে পাঠানোসহ নিয়ম ভঙ্গকারীদের বিষয়ে অনুষদের ডিনের মাধ্যমে উপাচার্যকে অবহিত করতে বলা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল নয়টায় ক্লাশ ও প্রশাসনিক কাজ শুরুর কথা থাকলেও কোন বিভাগেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না।
দিনের পর দিন শিক্ষার্থীরা শিক্ষকের অপেক্ষায় একাডেমিক কার্যদিবসের প্রথম দুই ঘন্টা কোন ক্লাশ ছাড়াই কাটিয়ে দেন। এতে নির্দিষ্ট সময়ে বিভাগগুলোর কোর্স এবং পরীক্ষা শেষ হয় না। বাড়ে সেশন জট। এ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সময় অভিযোগও করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24