২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ি, চট্টগ্রাম ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত

খাগড়াছড়ির দীঘিনালায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। চট্টগ্রাম নগরীতে বাস চাপায় মারা গেছেন একজন। টাঙ্গাইলে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। চট্টগ্রাম নগরীতে বাস চাপায় মারা গেছেন একজন। টাঙ্গাইলে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, দীঘিনালা-মারিশ্যা সড়কে দীঘিনালার হাজাছড়া এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস উল্টে দু'জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলেন- কাচালং কলেজের ছাত্রী ভুবলী ধর (১৮) ও মুসলিম ব্লক মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. হেলাল উদ্দিন। আহতদের কয়েকজন হলেন- মো. মাসুম (৩০), শ্যামল চাকমা (৪৫), করুনাময় চাকমা (৮০), স্বপন কুমার (৪২), সাতখুড়ি (৭২), মো. কবির (৪৭), মো. ইসমাইল (৫০), মো. মোর্শেদ (২৪), সামগ্রী চাকমা (২৭), মো. আব্দুল হাই (৭০), মো. নুরুল আলম (৩৫), মো. কামাল হোসেন (২৬), রাজ্জাক (৩২), তুষার চাকমা (৩০), পূজা ধর (৯), বেবী ধর (৪০), সুবোধ চাকমা (২৮), গোপাল ধর (৫৫), আল আমিন (৩০), লিয়াকত আলী (৩৫), বিলকিছ (৩২), আলী হোসেন (৪৫), কে এম নাসির উল্যাহ (৩৫), ভারত কুমার চাকমা (৩০), অরুণ কান্তি চাকমা (৩১), লালন চাকমা (২০)। খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারেক জানান, দুপুর ১২টার দিকে হেজাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি দীঘিনালা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দু'জন নিহত হন। সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আহত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চট্টগ্রাম অফিস জানায়, নগরীর কোতয়ালি থানার লালদিঘীর পাড় এলাকায় মঙ্গলবার রাস্তা পারাপারের সময় বাস চাপায় শুক্কুর আহমদ (৪০) নামে একজন মারা গেছেন। তিনি নগরীর কর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মৃত রহিম আলীর ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পারাপারের সময় শহর এলাকার বাসের চাপায় আহত শুক্কুরকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে সকাল সাড়ে দশটায় তিনি মারা যান। বাসটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। টাঙ্গাইল প্রতিনিধি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-যমুনা সেতু সড়কের পাথাইলকান্দিতে রড বোঝাই একটি ট্রাক উল্টে ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর কবির জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলে ৪ জন মারা যান। এদের দুজন হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারী গ্রামের রায়হান (৩০) ও সদর উপজেলার ছোট হেলকুন্ডা গ্রামের আজিজুল হক (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, নিহত ও আহত সবাই দিনমজুর। এরা ওই ট্রাকে ছিলেন। ট্রাকের চালককে আটক করা যায়নি। সকাল সাড়ে ৮ টার দিকে বাসাইল থেকে টাঙ্গাইলগামী বালু বোঝাই একটি ট্রাক পয়লা গ্রাম এলাকায় উল্টে গেলে আনোয়ার হোসেন (৩৫) নামের এক শ্রমিক ঘটনাস্থলে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/এমএসবি/২০১২ ঘ.