২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের দায়ে ডাক বিভাগের চার কর্মচারীর কারাদণ্ড

রাজধানীর শান্তিনগর পোস্ট অফিসের ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পোস্টাল অপারেটর বাদল কুমার নন্দীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৪০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 01:29 PM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিনগর পোস্ট অফিসের ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় পোস্টাল অপারেটর বাদল কুমার নন্দীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৪০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা আলাদা তিনটি মামলায় একই পোস্ট অফিসের আরও ৩ কর্মচারীর সাজা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শামসুন্নাহার বেগম আলাদা আলাদা মামলায় এ দণ্ডাদেশ দেন।

বাদল কুমার নন্দী, আব্দুল ওয়াহেদ খান, আবু সিদ্দিক মিজি এবং সুফিয়া বেগমের বিরুদ্ধে ৮৩৩ টি ভুয়া ট্যাক্স টোকেনের মাধ্যমে ৪০ লাখ ১৮ হাজার ৪৫৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এ মামলায় বাদল নন্দী ছাড়াও আবু সিদ্দিককে ৬ মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয় আদালত। সুফিয়া বেগমকে ৬ মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পান ওয়াহেদ খান।

৬২ হাজার ১২০ টাকা আত্মসাতের অন্য একটি মামলায় ফরিদ আহম্মেদ পাটোয়ারীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় আগের মামলার দণ্ডপ্রাপ্ত সুফিয়া বেগমকে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায়ও খালাস পেয়েছেন ওয়াহেদ খান।

৭৫ হাজার ৭৫ টাকা আত্মসাতের আরেকটি মামলায় আবু সিদ্দিক মিজিকে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলাটির অপর আসামি ওয়াহেদ খানকে এ মামলায়ও খালাস দেয় আদালত।

আদালত একইসঙ্গে দুর্বলভাবে মামলার তদন্ত কাজ পরিচালনার জন্য মামলার বাদি এবং তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে 'কঠোর ও কার্যকর পদক্ষেপ' নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে।

গত বছরের ২১ জানুয়ারি কমিশনের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিকী রমনা থানায় মামলা ৩টি দায়ের করেন। ওই বছরের ২৬ সেপ্টেম্বর আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৭ ডিসেম্বর বাদল কুমার নন্দী ছাড়া অন্য আসামিরা জামিনে মুক্তি পায়।

বাদল কুমার নন্দীসহ দণ্ডপ্রাপ্ত তিন কর্মচারী পোস্টাল অপারেটর হিসাবে শান্তিনগর পোস্ট অফিসে কর্মরত ছিলেন। খালাস পাওয়া আব্দুল ওয়াহেদ খান সাব-পোস্ট মাস্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯২০ ঘ.