কক্সবাজার, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চকরিয়া উপজেলায় আর্জেস গ্রেনেড ও গান পাউডার উদ্ধার মামলায় হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা জহিরউদ্দিন বাবর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
কক্সবাজার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের হাকিম মুজিবুর রহমান এই আদেশ দেন।
চকরিয়া সদর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে হারবাং ইউনিয়নের দক্ষিণ হারবাং গ্রামের নুনাছড়ি এলাকার বাগান বাড়িতে জামায়াতে ইসলামীর সাবেক ইউনিয়ন নেতা জহিরউদ্দিন বাবর জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন বলে যৌথবাহিনীর কাছে খবর ছিল।
এই তথ্যের ভিত্তিতে ২০০৭ সালের ১৬ এপ্রিল যৌথবাহিনী কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কাছে জনবিচ্ছিন্ন ওই বাগান বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির দক্ষিণ পাশে মাটি খুঁড়ে দুধের টিনে রাখা একটি আর্জেস গ্রেনেড এবং বাড়ির ভেতর থেকে প্রায় ১৫০ গ্রাম গান পাউডার, ৮টি হেসকো ব্লেড, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ব্যক্তিগত রিপোর্ট বই, জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের চাঁদার রশিদসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে। পরে ওই ঘটনায় জহির উদ্দিন বাবরকে প্রধান আসামি করে চকরিয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়।
জহির উদ্দিন বাবরের আইনজীবী আহমদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের নির্দেশে বাবর নিন্ম আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন। আত্মসমর্পণের পর আদালতে জামিন প্রার্থনা করা হলে হাকিম মুজিবুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জামায়াতের কক্সবাজার জেলা আমির মুহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবর জামায়াতের রোকন ছিলেন। তবে তিনি ইউনিয়ন জামায়াতের কোন পদে ছিলেন সেটা তার জানা নাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24