২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিচার পর্যবেক্ষণ করতে চেয়েছে যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বিচার কাজ পর্যবেক্ষণ করতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য পর্যবেক্ষক পাঠানোর অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি। রোববার রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা জানিয়ে বলেন, সাবেক দুই প্রধানমন্ত্রীসহ দুর্নীতির জন্য অভিযুক্ত সবার বিচার প্রক্রিয়া যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনার বিচার কাজ পর্যবেক্ষণ করতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এ জন্য পর্যবেক্ষক পাঠানোর অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি। রোববার রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা জানিয়ে বলেন, সাবেক দুই প্রধানমন্ত্রীসহ দুর্নীতির জন্য অভিযুক্ত সবার বিচার প্রক্রিয়া যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গীতা পাসি আরও জানান, চলতি বছরের মধ্যেই বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আর এ জন্য রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকাও প্রত্যাশা করেছে তারা। মার্কিন দূত নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সংলাপের বিষয়েও গুরুত্ব দিয়েছেন। রোববার সকালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় যান গীতা পাসি। সেখানে জিল্লুর রহমানসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দেড় ঘণ্টা ধরে বৈঠক করেন তিনি। পরে বিকালে গীতা পাসি যান বিএনপির 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত নেতা সাইফুর রহমানের বাসায়। দলটির স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমানের গুলশানের জালালাবাদ হাউজে ঘণ্টাব্যাপী বৈঠকে দলের 'সংস্কারপন্থী' নেতারা উপস্থিত ছিলেন। আগামী কয়েক সপ্তাহে অপরাপর রাজনৈতিক নেতাদের সঙ্গেও গীতা পাসি বৈঠক করবেন বলে যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে। ঢাকার আমেরিকান সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গীতা পাসি এবং রাজনৈতিক নেতারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতিসহ নানা বিষয়ে আলোচনা করেন। এতে বলা হয়, দুর্নীতির অভিযোগে যারা আটক আছে তাদের বিষয়ে গীতা পাসি আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন। গীতা পাসি বলেন, "সাবেক দুই প্রধানমন্ত্রীসহ দুর্নীতির জন্য অভিযুক্ত সবার বিচার প্রক্রিয়া যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।" তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র দূতাবাস শেখ হাসিনার বিচার পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠানোর অনুমতি চেয়ে অনুরোধ জানিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বৈঠক: গীতা পাসির সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্যাহ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৈঠক শেষে গীতা পাসি সাংবাদিকদের বলেন, "অমি মনে করি, বাংলাদেশের জনগণ এ বছরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এজন্য যা যা করণীয়, সরকারের তাই করা উচিত।" তিনি বলেন, "নির্বাচন কোনোভাবেই যেন ২০০৮ এর ডিসেম্বরের পরে না যায়। আমরা আগেও অনেকবার চলতি বছরের মধ্যেই বহুল প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছি।" আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান গীতা পাসি। তিনি বলেন, "আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করতে পেরে আমি সন্তুষ্ট। বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আমরা মতবিনিময় করেছি। চলতি অবস্থায় রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেহেতু, এই বছরের শেষেই নির্বাচন হওয়ার কথা; সে জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যাতে করে তারা পরিস্থিতিকে নির্বাচনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।" সংলাপের ওপর গুরুত্ব দিয়ে গীতা পাসি বলেন, "আমরা মনে করি, সংলাপ খুবই প্রয়োজনীয়। মার্কিন দূতাবাসও বারবার সংলাপের কথা বলে আসছে।" শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে নিয়ে চিকিৎসার বিষয়ে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে গীতা পাসি বলেন, "এ বিষয়টিও আমাদের আলোচনায় এসেছে।" আরেক প্রশ্নের উত্তরে মার্কিন দূত বলেন, "আমরা রোডম্যাপ সমর্থন করি। এই পর্যন্ত সরকার বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের যে উদ্যোগ নিয়েছে আমরা তারও প্রশংসা করি।" বৈঠকের পর সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হয়েছে।" তিনি বলেন, "প্রথম থেকেই তারা (যুক্তরাষ্ট্র) নির্বাচনের কথা বলে আসছে। তারা বিশ্বাস করে, এ বছর শেষেই নির্বাচন হবে। এর কোনও অন্যথা হবে না বলে তারা আশাবাদী।" সৈয়দ আশরাফুল বলেন, স্থানীয় নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন চাওয়ার বিষয়টি মার্কিন দূতকে জানানো হয়েছে। শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে গীতা পাসি উদ্বিগ্ন জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "তিনি শেখ হাসিনার সুচিকিৎসা চেয়েছেন; তা দেশে কিংবা দেশের বাইরে যেখানেই হোক না কেন। পাশাপাশি তার (গীতা পাসি) অভিমত, বিচারের ক্ষেত্রে কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়।" যুক্তরাষ্ট্রও জরুরি অবস্থা প্রত্যাহার চায় বলে আশরাফুল ইসলাম জানান। বিএনপির সঙ্গে বৈঠক: গীতা পাসির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমান, অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ড. ওসমান ফারুক। বৈঠকের পর গীতা পাসি সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্র রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশে নির্বাচন দেখতে চায়। আমরা চাই, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। আমি আশা করছি, এ বছরের শেষ নাগাদ নির্বাচন হবে।" নির্বাচন প্রক্রিয়া, সরকারের সঙ্গে সংলাপ ও সংস্কারের বিষয়ে বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে মার্কিন দূত জানান। তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার কার্যক্রম, ভোটার তালিকা প্রণয়ন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থাদি, স্বাধীন নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। দুর্নীতি সংক্রান্ত মামলার বিষয়েও মতবিনিময় হয়েছে।" মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গীতা পাসি বলেন, "দুর্নীতি সংক্রান্ত যে সব মামলা হয়েছে, তা যেন যথাযথ নিয়মে হয়।" বৈঠকের পর সাইফুর রহমান সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, "রাষ্ট্রদূত নির্বাচন ও নির্বাচনী সংস্কারের বিষয়ে আমাদের অবস্থান এবং মতামত জানতে চেয়েছেন।" সাইফুর রহমান বলেন, "আমরা তাকে জানিয়েছি, স্থানীয় সরকার নির্বাচনের আগেই আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন। নির্বাচনে দেরি হলে দ্রব্যমূল্য পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার কারণে দেশের সার্বিক পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়বে। যত তাড়াতাড়ি সম্ভব একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।" বিএনপির দুই অংশের ঐক্যের বিষয়ে সাইফুর রহমান বলেন, "আমি বারবার দেলোয়ার সাহেবের কাছে টেলিফোন করেছি; তিনি কথা বলতে চান না। ২৯ অক্টোবরের স্থায়ী কমিটির সিদ্ধান্ত না মানা হলে ঐক্য হতে পারে না।" তবে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে দাবি করে তিনি বলেন, "আমি মনে করি, বিএনপি ঐক্যবদ্ধ আছে। কয়েকজন ছাড়া বিএনপিতে কোনও বিভক্তি নেই।" প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের বিষয়ে বিএনপির অপর অংশ যে দাবি তুলেছে- সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাইফুর বলেন, "আমরা এর সঙ্গে একমত নই। সিইসির ওপর আমাদের আস্থা রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এএল/এমআই/এমএ/১৯১৬ ঘ.