ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদ এবং রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা এস এম আসাদুজ্জামানকে নকশা জালিয়াতির আরেকটি মামলায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
একইসঙ্গে তাদেরকে সাত কোটি ৫৬ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল এ রায় দেন।
গত ৬ মার্চ নকশা জালিয়াতির আরেকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও এস এম আসাদুজ্জামানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় একই আদালত।
আতিকউল্লাহ খান কারাগারে আটক রয়েছেন। যৌথবাহিনী গত বছরের ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে তাকে গ্রেপ্তার করে। তবে রাজউক এর অথরাইজ্ড কর্মকর্তা আসাদুজ্জামান পলাতক রয়েছেন।
অবৈধভাবে ভবনের নকশা অনুমোদন ও নথি গায়েবের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছরের ৩০ সেপ্টেম্বর মতিঝিল থানায় আতিকউল্লাহ খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
এতে অভিযোগ করা হয়, আতিকউল্লাহ খান মিরপুর রোডের একটি ১০ তলা ভবন নির্মাণের জন্য ২০০০ সালের ৯ মার্চ রাজউকের কাছে আবেদন করেন। রাজউক তাকে ৬ তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়। কিন্তু রাজউকের অথরাইজড অফিসার এস এম আসাদুজ্জামান ও ইমারত পরিদর্শক আব্দুল লতিফ অবৈধ সুবিধা নিয়ে ওই নথি গায়েব করে দিয়ে ১০ তলা ভবনের একটি ভুয়া নকশা তৈরি করে দেন।
গত বছরের ১১ ডিসেম্বর কমিশনের উপ সহকারি পরিচালক মো. আবুল কাশেম অভিযোগপত্র দেন। অভিযোগ থেকে ইমারত পরিদর্শক আব্দুল লতিফের নাম বাদ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১৩২৬ঘ.
bdnews24