২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিয়ে যাচ্ছে নদী নদ-নদী রক্ষার জন্য কোনও সামগ্রিক পদক্ষেপ নেই

নৌ-পথ নাব্য রাখার জন্য কয়েকটি স্থানে খননের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে দেশের নদ-নদীগুলো রক্ষার কাজ। এ জন্য কোনও সামগ্রিক পদক্ষেপ নেই। ২৫ বছর মেয়াদী পরিকল্পনায় নদ-নদীগুলোকে রক্ষার জন্য পদক্ষেপের উল্লেখ থাকলেও সে অনুসারে কাজ শুরু হয়নি। নদী বিশেষজ্ঞরা বলেছেন, নদ-নদীগুলোকে রক্ষার জন্য সামগ্রিক উদ্যোগ প্রয়োজন। সরকারি উদ্যোগ ছাড়াও স্থানীয় জনসাধারণকে এ কাজে সম্পৃক্ত করতে হবে। দেশের নদীগুলোর দুর্দশা নিয়ে মারুফ মল্লিকের ধারাবাহিকের তৃতীয় পর্ব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 05:59 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মারুফ মল্লিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম করসপনডেন্ট ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নৌ-পথ নাব্য রাখার জন্য হাতে গোনা কয়েকটি স্থানে খননের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে দেশের নদ-নদীগুলো রক্ষার কাজ। এ জন্য কোনও সামগ্রিক পদক্ষেপ নেই। ২৫ বছর মেয়াদী পরিকল্পনায় নদ-নদীগুলোকে রক্ষার জন্য পদক্ষেপের উল্লেখ থাকলেও সে অনুসারে কাজ শুরু হয়নি। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এইচ এস মোজাদ্দাক ফারুক এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব নদীতে পলি জমেছে সেখানে নৌরুট চালু রাখার জন্য খনন করা হয়। সারাদেশে খনন করা ব্যয়সাপেক্ষ। কারিগরি দিক থেকে তা সম্ভব হলেও আর্থিক দিক থেকে সম্ভব নয়। শুধু একবার খনন করলেই হবে না। নাব্যতা বজায় রাখার জন্য খনন অব্যাহত রাখতে হয়।" নদী বিশেষজ্ঞরা বলেছেন, নদ-নদীগুলোকে রক্ষার জন্য সামগ্রিক উদ্যোগ প্রয়োজন। হারিয়ে যেতে থাকা ও ঝুঁকিপূর্ণ নদীগুলোকে রক্ষার জন্য সামগ্রিক দিকের বিবেচনায় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফিরিয়ে দিতে হবে 'নদীর অধিকার'। সরকারি উদ্যোগ ছাড়াও স্থানীয় জনসাধারণকে এ কাজে সম্পৃক্ত করতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন এর আবাসিক পরিচালক ড. আইনুন নিশাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩/৪শ' বছর আগে গ্রামের লোকজন নিজেরাই নদী খনন করতো। এখন নদীগুলোর পলি বহনের পরিমাণ বেড়েছে। খাল ও ছোট নদী এভাবে ভরাট হয়ে যাচ্ছে।" আইনুন নিশাত বলেন, হয় ভূমির ব্যবহার কমাতে হবে, না হয় নিয়মিত পলিমুক্ত করতে হবে। এটা স্থানীয় উদ্যোগে স্থানীয় সরকারের মাধ্যমে করতে হবে। স্থানীয় জনগণকে নদী রক্ষার কাজে সম্পৃক্ত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, আগে গ্রামের লোকজন নিজেদের উদ্যোগেই নদী খনন করলেও এখন সেরকম উদ্যোগ নেই। পানি উন্নয়ন বোর্ডের সারফেস ওয়াটার হাইড্রোলজি সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. শওকত আলী বলেন, উর নদীগুলোর পানির প্রবাহ বাড়াতে হবে। খনন বা পুনঃখনন করে প্রবাহ বৃদ্ধি করা যায়। এক্ষেত্রে ছোট ছোট নদীগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। বড় নদীগুলোর খনন এ মুহূর্তে সম্ভব নয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ ইনামুল হকও পানি প্রবাহ বাড়ানোর পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রবাহ বৃদ্ধি করে নদী উদ্ধার করা যায়। তবে সেটা পরিকল্পিত উপায়ে করতে হবে। গড়াই নদীর প্রবাহ বাড়ানোর জন্য খনন করা হয়েছিল। তবে খনন করে অপসারিত পলি নদীর পাশেই রাখা হয়েছিল। এগুলো আবার নেমে নদীতে নেমে এসেছে। গড়াই আবারও ভরাট হয়ে যাচ্ছে।" ব্যারেজ নির্মাণের মাধ্যমে নদীর প্রবাহ বৃদ্ধি করা যেতে পারে বলে অভিমত দেন প্রকৌশলী ইনামুল হক। তিনি বলেন, এটি একটি কার্যকর পদ্ধতি। উৎস মুখে পলি জমে ভরাট হওয়া নদীর মুখ খুলে দেওয়া যেতে পারে বলে মত দেন এ প্রকোশলী। তবে সব নদী খোলা যাবে না। জলাধার নির্মাণ করে পানি ধরে রাখা তার মতে আরেকটি বিকল্প। ধরে রাখা পানি শুকনো মওসুমে নিয়ন্ত্রিত উপায়ে সরবরাহ করা যাবে। এতে সারাবছর পানির প্রবাহ বজায় রাখা সম্ভব হবে। নদী বিশেষজ্ঞদের মতে, 'লুপকাট' বা নদীর গতিপথ সোজা করে দেওয়া নদী রক্ষার একটি পদ্ধতি। তবে এ পদ্ধতি সব জায়গায় কার্যকর হয় না। অনেক সময় পরিবেশের বিরুদ্ধে যায়। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এর বিরূপ প্রভাব লক্ষ্য করা গেছে। মাছের প্রজনন কমে গেছে সেখানে। বিশেষজ্ঞরা মনে করেন, নদীর ওপর অনাকাঙ্খিত হস্তক্ষেপ না তার আবহমানকালের অধিকার ফিরিয়ে দিতে হবে। উজানে পানি প্রত্যাহার না করে তাকে আপন গতিতে চলতে দিতে হবে, যদিও এ বিষয়টির ওপর আমাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নেই। প্রকৌশলী ইনামুল হক বলেন, নদী রক্ষার জন্য অঞ্চলভিত্তিক একটি সামগ্রিক নদী ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। প্রাথমিকভাবে জামালপুর-টাঙ্গাইল অঞ্চলে যমুনা নদী থেকে শুরু করে মুন্সীগঞ্জ পর্যন্ত একটি ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে। মুহুরি ও মনু নদীর মতো দু'এক জায়গায় এ ধরনের কাজ করা হচ্ছে। এ ব্যবস্থার সুফলও পাওয়া যাচ্ছে। নদী গবেষণা ইন্সটিটিউটের ঢাকা লিয়াঁজো অফিসের জ্যেষ্ঠ পরামর্শক পিন্টু কানুনগো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদী কোনো স্থায়ী বিষয় নয়। সব সময়ই পরিবর্তনশীল। আমাদের নদীগুলো প্রচুর পলি বহন করে। বছরে প্রায় ৪ মিলিয়ন টন। নদী রক্ষার জন্য গবেষণার মাধ্যমে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে হবে।" ধলেশ্বরীকে খনন করে বুড়িগঙ্গার সঙ্গে মিলিয়ে দিলে বুড়িগঙ্গা রক্ষা পাবে বলে ধারণা তার। এ নিয়ে একটি মডেল স্টাডি হয়েছে বলেও জানালেন পিন্টু কানুনগো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১১৫০ঘ.