২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুখে দাঁড়ানোর মাস বঙ্গবন্ধুর ভাষণ পরবর্তী প্রতিরোধ শুরু, কালো পতাকা উড়লো সব জায়গায়

৭ মার্চ গভীর রাতেই সরকার বঙ্গবন্ধুর ভাষণ বেতারে প্রচারের অনুমতি দিতে বাধ্য হয়। ফলে ৮ মার্চ সকাল থেকেই কাজে যোগ দেন বেতারের কর্মকর্তা-কর্মচারীরা। ৭ মার্চ সন্ধ্যার পর রেডিও স্টেশনে বোমা হামলার কারণে সারারাত রেডিও বন্ধ থাকার পর সকাল থেকে আবার চালু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 07:36 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--৭ মার্চ গভীর রাতেই সরকার বঙ্গবন্ধুর ভাষণ বেতারে প্রচারের অনুমতি দিতে বাধ্য হয়। ফলে ৮ মার্চ সকাল থেকেই কাজে যোগ দেন বেতারের কর্মকর্তা-কর্মচারীরা। ৭ মার্চ সন্ধ্যার পর রেডিও স্টেশনে বোমা হামলার কারণে সারারাত রেডিও বন্ধ থাকার পর সকাল থেকে আবার চালু হয়। সকাল আটটায় শেখ মুজিবের ভাষণ প্রচারিত হয়। টেলিভিশনে পাকিস্তানের জাতীয় পতাকা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। এছাড়া তৎকালীন রেডিও পাকিস্তান ভবন থেকে ওই পতাকা নামিয়ে ফেলা হয়। সারাদেশে সংগ্রাম পরিষদ গঠনের তৎপরতা লক্ষ্য করা যায়। বিভিন্ন পাড়া, মহল্লা, বাসভবন, ছাত্রাবাস, শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের চূড়ায় ও প্রাইভেট গাড়িতে উড়িয়ে দেওয়া হয় কালো পতাকা। সাধারণ মানুষ এমন কি অন্দরমহলেও বঙ্গবন্ধুর ভাষণই হয়ে ওঠে আলোচনার প্রধান বিষয়। আগের দিনের মশাল মিছিল অন্দর মহলের বাসিন্দাদের মধ্যেও ছড়িয়ে দেয় প্রতিরোধের উত্তেজনা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ এবং ডাকসুর সহ-সভাপতি আ স ম আব্দুর রব ও আবদুল কুদ্দুস মাখন যুক্ত বিবৃতি দেন। বিবৃতিতে তারা স্বাধীনতা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য বাংলার সংগ্রামী জনগণের প্রতি আহ্বান জানান। ছাত্রনেতারা পৃথক এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর গুলিতে পূর্ব পাকিস্তানের স্বাধিকার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব সরকারি-বেসরকারি ভবনে অনির্দিষ্টকালের জন্য কালো পতাকা ওড়ানোর আহ্বান জানান। পিডিপির সভাপতি নূরুল আমীন, মুসলিম লীগ নেতা খান এ সবুর, জাতীয় লীগ প্রধান আতাউর রহমান খান, ওয়ালীপন্থি ন্যাপের প্রাদেশিক সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদসহ পূর্ব পাকিস্তানের বিবিন্ন রাজনৈতিক নেতারাও পৃথক বিবৃতিতে ৭ মার্চ ঘোষিত বঙ্গবন্ধুর সমস্ত শর্ত মেনে নেওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রতি আহ্বান জানান। গণঐক্য আন্দোলনের প্রধান এয়ার মার্শাল (অব.) এম আসগর খান বঙ্গবন্ধুর সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে সাক্ষাৎ করেন। বেতার-টেলিভিশনের শিল্পীদের একটি প্রতিনিধি দলও বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে ১০ মার্চ থেকে বেতার ও টেলিভিশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী সমিতি ও ইউনিয়নের প্রতিনিধিরা বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী কর্মবিরতির সিদ্ধান্ত ঘোষণা করেন। রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ এক বিবৃতিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ব্যাখ্যা দিয়ে বলেন, ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পূর্ব পাকিস্তানের ভেতর নগদ জমা, বেতন ও মজুরি প্রদান এবং এক হাজার টাকা পর্যন্ত প্রদান করতে পারবে। স্টেট ব্যাংক বা অন্য কোনো মাধ্যমে পূর্ব পাকিস্তানের বাইরে টাকা পাঠানো যাবে না। দেশের ভেতর চিঠিপত্র, টেলিগ্রাম, ও মানি অর্ডারের জন্য ডাক ও তার বিভাগ খোলা থাকবে। পুলিশ আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করবে। আধাসরকারি প্রতিষ্ঠানে হরতাল অব্যাহত থাকবে। অপর এক বিবৃতিতে তিনি সামরিক শাসন কর্তৃপক্ষের প্রেসনোটের প্রতিবাদ জানিয়ে বলেন, সেনাবাহিনীকে অবশ্যই ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। লাহোরে সাবেক তথ্যমন্ত্রী নওয়াবজাদা শের আলী খান ও পিডিপির পশ্চিম পাকিস্তান প্রধান নওয়াবজাদা নসরুল্লাহ খান অবিলম্বে বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়াকে ঢাকা যাওয়ার অনুরোধ জানান। ব্রিটেনে প্রবাসী প্রায় ১০ হাজার বাঙালি রন্ডনের পাকিস্তান হাইকমশিনের সামনে স্বাধীন বাংলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/