২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতিকে পুলিশের জিজ্ঞাসাবাদ

কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শুক্রবার রাতে পল্টন থানা পুলিশ এক সরকারী কর্মকর্তা ও তার স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শুক্রবার রাতে পল্টন থানা পুলিশ এক সরকারী কর্মকর্তা ও তার স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। পল্টন থানার উপ পরিদর্শক মো: সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার রাত ৯টায় বলেন, নিলুফার আকতার (১৫) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শফিকুল ইসলাম এবং তার স্ত্রী আবিদা সুলতানার শান্তিনগরের বাসায় দীর্ঘদিন ধরে কাজ করতো। মেয়েটি বলেছে কাজের একটু ভুল হলেই স্বামী-স্ত্রী দুইজনেই তাকে মারধর করতো। শুক্রবার সন্ধ্যায় মারধর করলে আত্মরক্ষার জন্য পালাতে গিয়ে পড়ে আহত হয় বলে সে পুলিশকে জানায়। উপ পরিদর্শক মো: সেলিম জানান, এলাকাবাসীর কাছে পুলিশ এই ঘটনা জানতে পেরে নিলুফারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের অভিযোগে এরপর গৃহকর্তা এবং গৃহকর্ত্রী দুইজনকেই থানায় নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/একেএম/এসকে/২১৫০ঘ.