২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ও কন্যা শিশুর উন্নয়নে বিনিয়োগ- স্লোগানে পালিত হবে এবারের নারী দিবস

'নারী ও কন্যা শিশুর উন্নয়নে বিনিয়োগ' - এ স্লোগানকে সামনে রেখে শনিবার ৮ মার্চ সারাদেশে উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিনটি উপলক্ষে শোভাযাত্রা, সেমিনার, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নারী ও কন্যা শিশুর উন্নয়নে বিনিয়োগ' - এ স্লোগানকে সামনে রেখে শনিবার ৮ মার্চ সারাদেশে উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিনটি উপলক্ষে শোভাযাত্রা, সেমিনার, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আলাদা বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে শনিবার দুপুরে একটি দুর্নীতিবিরোধী কনসার্টের আয়োজন করেছে। রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে এই কনসার্টে দেশের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এ কনসার্টের স্লোগান- 'জাগো মানুষ-নারী অধিকারে জাগো'। কনসার্টে কোনও টিকেট থাকবে না। ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পোশাক কারখানার নারী শ্রমিকরা দৈনিক ১২ শ্রম ঘণ্টা কমিয়ে ৮ ঘণ্টা নির্ধারণ, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হন। আন্দোলনের মধ্য দিয়ে ৮ ঘণ্টা কাজের অধিকার আদায় করে নেন তারা। নারী আন্দোলনের ওই দিনটি অক্ষয় করে রাখতে ১৯১০ সালে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চ আন্তর্জাতিকভাবে নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। এরপর ১৯১১ সাল থেকে দিনটি নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নারী দিবসের বাণীতে রাষ্ট্রপতি বলেন, ''সভ্যতার উষালগ্ন থেকে নারী সমাজ সকল অগ্রগতি ও উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয় জীবনের সর্বস্তরে নারীর অংশগ্রহণ এবং তাদের যথাযথ অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।'' তিনি আর্ন্তজাতিক নারী দিবসের সাফল্য কামনা করেন। প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, "টেকসই ও স্থিতিশীল উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ সমান অপরিহার্য। দেশের নারী সমাজ আজ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সব ধারায় সমান অংশীদার।" তিনি আরো বলেছেন, "নারী উন্নয়নে বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার এবং সমাজ ও রাষ্ট্রের সব স্তরে নারী পুরুষের অংশগ্রহণের সমতা নিশ্চিত করতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। এ ধারাবাহিকতায় জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা প্রতিপালনের পাশাপাশি সমন্বিত নারী উন্নয়ন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।" নারী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও নারী সংগঠনের পক্ষ থেকেও আলাদা বিবৃতি দিয়েছে। মহিলা পরিষদ, সম্মিলিত নারী সমাজ, জাতীয় নারী জোট, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ইনস্টিটিউিট অব লেবার স্টাডিজ-বিলস, কর্মজীবী নারী, শিল্পকলা একাডেমি, অরেন্ডা কমিউনিকেশন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। এছাড়া বিভিন্ন সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমআই/১৮২৬ ঘ.