পটুয়াখালী, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ আগামী নির্বাচনে সৎ, কর্মঠ ও নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "একটি অবাধ, মুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন। আমরা নির্ভুল ও ছবিযুক্ত ভোটার তালিকা তৈরিতে কাজ করে যাচ্ছি।"
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডিগ্রি কলেজ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. ফখরুদ্দীন আহমদ এ কথা বলেন।
তিনি বলেন, পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হলে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। পতিত সব জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়াতে হবে।
ড. ফখরুদ্দীন বলেন, "মাটি, পানি ও জলবায়ু বিচারে যে মাটিতে যে ধরনের ফসল উৎপাদন সম্ভব সেখানে সে ফসল চাষ করতে হবে। সরকার সার, বীজ, কীটনাশক ও প্রযুক্তিগত সহায়তা দেবে।"
তিনি আরও বলেন, "সামরিক ও বেসামরিক প্রশাসন এক হয়ে কাজ করলে সে কাজে সফলতা আসে। সিডর পরবর্তী ত্রাণ কার্যক্রমের সফলতা এর প্রমাণ বহন করে।"
পটুয়াখালীর জেলা প্রশাসক এ জি এম মীর মশিউর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন, কৃষক প্রতিনিধি মাহবুবুল আলম, বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধি নার্গিস সুলতানা ও ব্যবসায়ী প্রতিনিধি মোহাম্মদ ইসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪৭ ঘ.
bdnews24