বরিশাল, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্ঠা এ এফ হাসান আরিফ বলেছেন, আইন জনগণের জন্য। আইনের কাছে জনগণ জিম্মি হতে পারে না।
তিনি আরও বলেন, "সিভিল মামলাগুলো বছরের পর বছর ধরে আদালতে ঝুলে আছে। ফলে মামলাগুলো নিষ্পতি হতে দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে। একইসঙ্গে বিচারপ্রার্থীরা আরও ভোগান্তির শিকার হচ্ছেন। তাই এই আইনের সংশোধন প্রয়োজন।"
বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা আইনজীবি সমিতি মিলনায়তন আইনজীবি এবং বিচারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আইন উপদেষ্টা এ কথা বলেন।
সিভিল আইন সংশোধনের ব্যাপারে আইনজীবীদের কাছ থেকে সুপারিশ আহ্বান করে তিনি বলেন, "আপনাদের সুপারিশ যাচাই বাচাই করা হবে।"
বরিশাল জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. শহিফউল্লাহ, মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. মঈন উদ্দিন ইসলাম।
মত বিনিময় সভায় আইনজীবিরা বরিশালে বিচারক সংকট নিরসন এবং শ্রম, পর্যটন ও মেরিন- এই তিনটি আদালত স্থাপনের দাবি জানান। মতবিনিময় সভার আগে জেলা ও দায়রা জজ আদালতের এজলাশে আইন উপদেষ্টা বিচারকদের সঙ্গে ১৫ মিনিট ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১১ ঘ.
bdnews24