ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালককে অচেতন করে রিক্সা চুরির মামলায় রাজধানীর নবাবগঞ্জ এলাকার অজ্ঞান পার্টির সদস্য মো. সুমনকে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. ইসরাইল হোসেন বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
মামলার পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালার দেওয়া হয়েছে। এরা হলেন মো. সিদ্দিক, মো. হারুন, জামাল হোসেন স্বপন, হাসমত আলী ও মো. ফিরোজ।
সাজা পাওয়া আসামি সুমন নিম্ন আদালত থেকে জামিন নিয়ে পলাতক। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রূপসা বাজারে।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৩ মে রাত সাড়ে ১০টায় র্যাব- ২ এর একটি দল কারওয়ান বাজারের জনতা টাওয়ারের নিচ থেকে অচেতন অবস্থায় রিক্সাচালক মো. নাসির উদ্দিনকে উদ্ধার করে।
হাসপাতালে ওই নাসির জানান, জুসের সঙ্গে চেতনানাশক ওধুষ খাইয়ে তাকে অজ্ঞান করে রিক্সা নিয়ে কেটে পড়ে চোররা।
পরদিন বিকেলে র্যাব সদস্যরা মোহাম্মদপুর এলাকা থেকে মো. সুমনকে চোরাই রিক্সাসহ গ্রেপ্তার করে।
পরে র্যাব- ২ এর ডিএডি মো. আনোয়ার হোসেন তেজগাঁও থানায় মামলা করেন।
বিষয়টি জনগুরুত্ব সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠায়। বিচারের সময় রাষ্ট্রপক্ষে মোট ১০ জন সাক্ষ্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৯৩৭ ঘ.
bdnews24