ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্থানীয় প্রভাবশালীদের হাওর দখল প্রবণতা এবং নীতি নির্ধারক মহলের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে নদী-জলাভূমি মরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, "দেশের উত্তর-পূর্বাঞ্চলে ৪২৩টি হাওর রয়েছে। এসব হাওর ঘিরে প্রায় দুই কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত। সমাজ-সংস্কৃতির ক্ষেত্রেও রয়েছে হাওরের গুরুত্বপূর্ণ ভূমিকা। হাওর বিপন্ন হলে লোক ঐতিহ্যও বিপন্ন হবে। এসব কারণে হাওর উন্নয়নে সমন্বিত একটি নীতি গ্রহণ করতে হবে।"
বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রথম জাতীয় হাওর সম্মেলন উদ্বোধনকালে বিচারপতি হাবিবুর রহমান এ কথা বলেন।
সঠিক পরিকল্পনা নিয়ে সেটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে হাওর থেকে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার মৎস্য সম্পদ আহরণ সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
বিচারপতি হাবিবুর রহমান বলেন, "হাওরের পরিবেশ আজ বিপন্ন। হাওর বাঁচিয়ে না রাখলে অপূরণীয় ক্ষতি হবে।"
প্রথম জাতীয় হাওর সম্মেলনের আয়োজক কমিটি হাওরের প্রকৃতি-পরিবেশ ও হাওরবাসীর জীবন-জীবিকা রক্ষায় জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে। হাওর অঞ্চলের উন্নয়নে ওইসব এলাকা সম্পর্কে একটি নিখুঁত তথ্যভাণ্ডার গড়ে তোলারও আহ্বান জানায় কমিটি।
দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এএমএম সফিউল্লাহ্, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষি বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক, অ্যাকশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আব্দুল মুক্তাদির, অক্সফাম-এর জিয়াউল হক মুক্তা, হাওরবাসী রক্ষায় নাগরিক উদ্যোগের আহ্বায়ক নির্মল ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন।
হাওর সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তফা জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রকৌশলী মুহাম্মদ হিলালউদ্দিন।
বুয়েটের উপাচার্য এএমএম সফিউল্লাহ্ বলেন, "হাওরের পরিবেশ, প্রকৃতি ও হাওরবাসীর জীবন-জীবিকা রক্ষায় জাতীয় নীতিমালা প্রণয়ন করা জরুরি। এ অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সামগ্রিক তথ্যভান্ডার প্রণয়নও দরকার।"
আবুল মাল মুহিত বলেন, "হাওরের ধ্বংস রোধে ও অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে হাওরের উন্নয়নকে সমন্বিত করতে হবে।"
ড. আব্দুর রাজ্জাক বলেন, "হাওরের উন্নয়ন জাতীয় অর্থনীতিতে অবদান রাখে। এজন্যে প্রযুক্তি ব্যবহার ও সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে হাওরের অর্থনৈতিক কার্যক্রম হাতে নিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমএসবি/১৫০১ ঘ.
bdnews24