ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ বছরের মধ্যে ২৭তম বিসিএস-এর ফলাফল প্রকাশ সম্ভব হবে না বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইন।
তিনি বলেন, "পিএসসি'র বিরুদ্ধে ঝুলে থাকা বেশ ক'টি মামলার কারণে এ ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে আগামী ১ বছরের মধ্যে ২৭ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে না।"
বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ই্নস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ-এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ড. হুসাইন এসব বলেন।
পিএসসি চেয়ারম্যান আরো বলেন, "মে মাস নাগাদ ২৭তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা সম্পন্ন হবে। তবে মামলা থাকায় চূড়ান্ত ফল প্রকাশের জন্য পিএসসিকে অপেক্ষা করতে হবে।"
এ সময় ড. সা'দত হুসাইন সরকারি কর্মকমিশনের পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের ব্যাপারেও খোলামেলা কথা বলেন।
তিনি বলেন, "আগের পরীক্ষা পদ্ধতিতে অবশ্যই পরিবর্তন আনা হবে। বর্তমান পদ্ধতিতে যোগ্যতা না থাকার পরও অনেকেই বিভিন্ন উপায়ে পরীক্ষায় কৃতকার্য হচ্ছে।"
বিসিএস মৌখিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তার অভিজ্ঞতা জানাতে গিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, "আমি এমনটিও দেখেছি মৌখিক পরীক্ষা দিতে এসেছে এমন অনেকেরই ইংরেজি সম্পর্কে নূন্যতম জ্ঞান নেই। কেউ কেউ দু'মাসে সংবাদপত্র পড়েননি- এমনটিও আমি শুনেছি।"
"মূল সমস্যাটা পরীক্ষা পদ্ধতিতে; নইলে ওইসব পরীক্ষার্থী মৌখিক পরীক্ষা পর্যন্ত কোনোভাবেই আসতে পারতো না", বলে মন্তব্য করেন ড. সা'দত।
২০০৫ সালের ২৮ জুন থেকে ২৭তম বিসিএস পরীক্ষার অনুষ্ঠান প্রক্রিয়া শুরু হয়েছিল। ২০০৭ সালের ২২ জানুয়ারি ওই পরীক্ষার চূড়ান্ত ফলও প্রকাশ করা হয়। তবে এ বিসিএস নিয়ে নানা বিতর্ক থাকায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশে ১ জুলাই সরকারি কর্মকমিশন ওই ফল বাতিল করে দেন। পরবর্তীতে ১২ জুলাই এক আদেশে ২৯ জুলাই থেকে আবারো মৌখিক পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচসি/এএল/জিএনএ/১৫৩৪ ঘ.
bdnews24