২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার পাটকলগুলো লাভের মুখ দেখলে বেতন বাড়বে শ্রমিকদের: উপদেষ্টা

খুলনা-যশোর শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব সাত পাটকল আগামী এক মাসের মধ্যে লাভের মুখ দেখলে শ্রমিকদের বেতন-ভাতা বাড়াবে সরকার। স্থানীয় সরকার ও পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার খুলনা অঞ্চলের সাতটি পাটকলের প্রকল্প প্রধান ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক এ আশ্বাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

খুলনা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা-যশোর শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব সাত পাটকল আগামী এক মাসের মধ্যে লাভের মুখ দেখলে শ্রমিকদের বেতন-ভাতা বাড়াবে সরকার। স্থানীয় সরকার ও পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার খুলনা অঞ্চলের সাতটি পাটকলের প্রকল্প প্রধান ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক এ আশ্বাস দেন। খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ওই বৈঠকে পাটকলের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা বলেন, খুলনা-যশোর শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব সাত পাটকলের নিয়মিত অবসরে যাওয়া, ছাঁটাই হওয়া ও স্বেচ্ছা অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া বাবদ ১৬২ কোটি টাকা শিগগিরই পরিশোধ করা হবে। আগামী একমাসের মধ্যে যদি মিলগুলো লাভ করতে পারে তবে শ্রমিকদের বেতন-ভাতাও বাড়ানো হবে। তিনি শ্রমিকদের নুন্যতম মজুরি ১১০ টাকার পরিবর্তে ১৩৫ থেকে ১৪০ টাকা পর্যন্ত বাড়ানোর আশ্বাস দেন। উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "সরকার পাটকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চায়। তাই পাটচাষে উৎসাহ দেওয়া, উন্নত বীজ সরবরাহসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কাচাঁপাট কেনার জন্য ১৫০ কোটি টাকা মিলগুলোকে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে নতুন করে আর কোনো টাকা দেওয়া হবে না। উৎপাদন বাড়িয়ে নিজেদেরই ব্যয় নির্বাহ করতে হবে।" শ্রমিক প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, পাওনার জন্য আন্দোলন, ভাঙচুর বা বেআইনি কাজ করলে সরকার টাকা দেবে না। পাটকলগুলোতে একাধিক ট্রেড ইউনিয়ন থাকা নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা ভাবনা চলছে। বৈঠকে বিজেএমসি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, পরিচালক (অর্থ) হারিস চৌধুরী, পরিচালক (গবেষণা ও মান নিয়ন্ত্রণ) মোশারফ হোসেন, খুলনা ও যশোরের জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম ও আবুয়াল হোসেন, ডিআইজি খুলনা রেঞ্জ আসাদুজ্জামান মিয়া, যৌথবাহিনী খুলনার অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানসহ মিলগুলোর প্রকল্প প্রধান ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫৩ ঘ.