ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক নারী দিবসের শতবছর পূর্তিতে ৮ মার্চ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) যৌথভাবে রাজধানীতে দুর্নীতিবিরোধী কনসার্ট আয়োজন করবে।
'জাগো মানুষ- নারী অধিকারে জাগো'- শ্লোগান সামনে রেখে গুলশান ইয়্যুথ ক্লাবে ৮ মার্চ দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত কনসার্ট চলবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এ তথ্য জানান আয়োজকরা।
বাংলাদেশে প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দুর্নীতিবিরোধী এ কনসার্টের প্রচারকার্যের অংশীদার হয়ে দুর্নীতিবিরোধী চেতনার বিকাশে সহযোগিতা করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে ফরিদা পারভীন, সৈয়দ আব্দুল হাদী, কাঙালিনী সুফিয়া, আজম খান, ফাহমিদা নবী, সাহেদ, কফিল, মেহরীন, সোলস, রেনেসাঁ, মাকসুদ ও ঢাকা, দলছুট, অর্থহীন, ব্ল্যাক, যাত্রী, কৃষ্ণকলি ও ক্রান্তিসহ বিভিন্ন দল ও শিল্পীরা গান গাইবেন। এছাড়া তৈরি-পোশাক শ্রমিকদের ব্যান্ডদল 'আওয়াজ' সঙ্গীত পরিবেশন করবে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্যে- দেশের জনগণকে নারী অধিকার ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করা। নারী অধিকার ও দুনীর্তিবিরোধী আন্দোলন একসূত্রে গাঁথা। দুনীর্তিকে কার্যকরভাবে প্রতিরোধ ছাড়া নারী অধিকার প্রতিষ্ঠা যেমন অসম্ভব, তেমনি নারীর ক্ষমতায়নের জন্যও দুনীর্তি প্রতিরোধ পূর্বশর্ত।
দুদকের মহাপরিচালক আবু তালেব মিয়া বলেন, "দুনীর্তিবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কনসার্টের মাধ্যমে তরুণ সমাজকে সচেতন করতে হবে।"
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছাড়াও রয়েছে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ সংবাদ সংস্থা, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, সাপ্তাহিক ২০০০, বাংলাভিশন, রেডিও টুডে, রেডিও ফূর্তি, রেডিও আমার, আমাদের গান, বাংলাদেশ ইনফো, মেট্রোনেট ও অনির্বাণ অনলাইন।
আয়োজক ও মিডিয়া পার্টনার রেডিও স্টেশনগুলোর কাছ থেকে কনসার্টের প্রবেশ কূপন বিনামূল্যে সংগ্রহ করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও কূপন পৌঁছে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এমইউএ/এসএনডি/এমএইচবি/২০২৩ ঘ.
bdnews24