নারায়ণগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বুধবার শাহ আলম বিপু (৩২) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
তালিকাভুক্ত সন্ত্রাসী বিপুর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণসহ নানা অভিযোগে ২৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
শীতলক্ষ্যা নদীতে নৌযানগুলোতে চাঁদাবাজির খবর পেয়ে র্যাব সদস্যরা গত কয়েক দিন ধরে নদীতে টহল জোরদার করে।
র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ফাঁড়ির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোরে টহলের সময় তীরে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে কয়েকজন সন্ত্রাসীকে দেখে অভিযানের প্রস্তুতি নেয়। র্যাব সদস্যরা তীরের কাছাকাছি পৌঁছলে সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়।
প্রায় ১০ মিনিট গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটে বলে ওই র্যাব কর্মকর্তা জানান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে বন্দর থানা পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ বিপুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, বিপু মারা গেছে।
বিপু বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার শাহ আলমের ছেলে।
ওসি আবদুল মতিন জানান, বিপু বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা রয়েছে। বিপুর বাবা ও ভাই জামানও একটি হত্যা মামলায় জেল খাটছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৩ ঘ.
bdnews24