২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাই মান্নার মৃত্যুর জন্য দায়ী: স্ত্রী

চিত্রনায়ক মান্নার মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন তার স্ত্রী শেলী কাদের। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তও দাবি করেছেন শেলী কাদের। এ জন্য প্রধান উপদেষ্টা বরাবর আবেদনও জানিয়েছেন তিনি। ১৭ ফেব্র"য়ারি ভোরে এস এম আসলাম তালুকদার মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিত্রনায়ক মান্নার মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন তার স্ত্রী শেলী কাদের। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তও দাবি করেছেন শেলী কাদের। এ জন্য প্রধান উপদেষ্টা বরাবর আবেদনও জানিয়েছেন তিনি। ১৭ ফেব্র"য়ারি ভোরে এস এম আসলাম তালুকদার মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানেই মৃত্যু হয় তার। তবে মান্নার স্ত্রীর অভিযোগ অস্বীকার করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে শেলী কাদের বলেন, "এক জন মুমূর্ষু রোগীকে বাঁচাতে যে দায়িত্ব ও নৈতিকবোধ থাকা দরকার, তা ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের ছিল না।" ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ মান্নার পরিবারের পক্ষ থেকে দ্রুত কোনও সিদ্ধান্ত পায়নি বলে গণমাধ্যমে যে বক্তব্য এসেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন শেলী কাদের। তিনি বলেন, "তারা অপরাধ ঢাকতে এখন মিথ্যা কথা বলছে।" এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের কাছে সুবিচার ও প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি চেয়ে শেলী কাদের বলেন, "তদন্তে দোষীরা শাস্তি পেলে সুস্থ চিকিৎসা সেবায় তা মাইলফলক হয়ে থাকবে।" প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো আবেদনের একটি কপিও সাংবাদিকদের দেন শেলী কাদের। সংবাদ সম্মেলনে মান্নার একমাত্র ছেলে সিয়াম ইমতেমাস, ভাই প্রিন্স তালুকদার পান্না ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে শেলী কাদেরের অভিযোগ অস্বীকার করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে মান্নার চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ কোনও অবহেলা করেনি। হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা সেজুতি জামান বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই সময় হৃদরোগ বিশেষজ্ঞ জহির উদ্দিন এম ইলিয়াস দায়িত্বে ছিলেন।" ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যা ৫ টায় এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বলে ওই কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪৪৮ ঘ.