২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহপাঠীকে হত্যার দায়ে সিরাজগঞ্জে দুই জনকে মৃত্যুদণ্ড, সাত জনের যাবজ্জীবন

সহপাঠীকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড এবং অপর সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সত্যেন্দ্র নাথ ঘোষ বুধবার এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 08:23 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

সিরাজগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সহপাঠীকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড এবং অপর সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সত্যেন্দ্র নাথ ঘোষ বুধবার এ দণ্ডাদেশ দেন। ১৯৯৮ সালের ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সোহেল রানাকে হত্যার দায়ে আসামিদের এ দণ্ড দেওয়া হলো। রেহাই পুকুরিয়া গ্রামের আবুল খায়েরের ছেলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে তার এসব সহপাঠীরা। মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলো, চৌহালী উপজেলার দক্ষিণ কাউনিয়া গ্রামের সবদুল মোল্লার ছেলে জয়নাল আবেদিন ও রেহাই পুকুরিয়া গ্রামের মির্জা মতিউর রহমানের ছেলে মির্জা তারেক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো, চরনাকালিয়া গ্রামের কায়েম উদ্দিনের ছেলে কামাল উদ্দিন, মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে হাবিবর রহমান, বোরহান উদ্দিনের ছেলে আতিকুর রহমান ও ছাদেকুর রহমান, রেহাই পুকুরিয়া গ্রামের আব্দুস সামাদ মণ্ডলের ছেলে ইসরাফিল, কছিম উদ্দিনের ছেলে মোখলেছ উদ্দিন এবং আব্দুল মান্নান মাস্টারের ছেলে মিন্টু। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এদের সবাইকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও আরও দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি আবুল কাশেমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় সব আসামিই আদালতে হাজির ছিল। তারা সবাই নিহত সোহেল রানার সঙ্গে একই ক্লাসে পড়ত। মামলার বিবরণে জানা যায়, স্কুলছাত্রীদের ঊত্যক্ত করার প্রতিবাদ করায় ১৯৯৮ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আসামিরা সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির পাশের একটি মাঠে ফেলে দেয়। এ ঘটনায় সোহেলের বাবা আবুল খায়ের বাদি হয়ে চৌহালী থানায় ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৮ ঘ.