চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর নিহত বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিনের ছেলে ফরমান রেজা লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
লিটনের সঙ্গে এক নারীসহ আরও দুজনকেও গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম বন্দর থানা পুলিশ জানিয়েছে, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক আচরণে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানার উপ-পরিদর্শক প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বন্দর থানার পোর্ট এক্সেস সড়কে একটি প্রাইভেটকারে লিটন এবং এক নারী অবস্থান করছিলেন। ওই সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জায়গাটি নিরাপদ নয় বলে তাদের সেখান থেকে চলে যেতে বলেন। এতে লিটন ক্ষিপ্ত হয়ে সেই পুলিশ কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার ও গালাগালি করেন। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে লিটন তার সঙ্গেও ফোনে অসৌজন্যমূলক আচরণ করেন।
তখন পুলিশ লিটন ও তার সঙ্গীকে বন্দর থানায় নিয়ে যায়।
এস আই প্রণব চৌধুরী জানান, লিটন থানায়ও ওসিকে গালাগালি এবং পোর্ট এক্সেস সড়কে দায়িত্ব পালনরত কর্মকর্তাকে মারতে উদ্যত হন। ওই সময় ওই নারীর চাচাত ভাই জাহাঙ্গীরও থানায় এসে হম্বিতম্বি করে। এ পর্যায়ে রাত ১১টার দিকে তাদের তিন জনকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশের সঙ্গে অসদাচরণ ও কর্তব্যে বাধা দেওয়া এবং অনৈতিক কাজের অভিযোগে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে প্রণব চৌধুরী জানান।
বিষয়টি নিয়ে লিটনের পরিবারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বাসায় কেউ ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৩৪২ ঘ.
bdnews24