নড়াইল, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত নড়াইলের আরিফুর রহমানকে বুধবার দাফন করা হয়েছে।
সকালে আরিফের নিজ বাড়ি নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
সৌদি আরব থেকে ফেরত আনার পর আরিফের লাশ মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ি নিয়ে আসা হয়। লাশ দেখে ওই সময় বারবার মূর্ছা যান আরিফুরের স্ত্রী পারুল বেগম (২৯), সন্তান মাশকুরা (১২) ও বৃদ্ধা মা মাহফুজা বেগম (৭২)।
আরিফুরের এক মাস বয়সী আরেকটি সন্তান রয়েছে। তার নাম আরিশা।
গত ৩১ জানুয়ারি সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হন আরিফুর।
পারুল বেগম সাংবাদিকদের জানান, তার স্বামী ২০০৪ সালে সৌদি আরব যান। সেখানে তিনি ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। গত বছরের ১৬ এপ্রিল তিনি সর্বশেষ দেশ ঘুরে গিয়েছিলেন।
দেরীতে হলেও সন্তানের লাশ বাড়ি পৌঁছানোয় মাহফুজা বেগম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৮ ঘ.
bdnews24