২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ফ্রিডমসহ প্রতারণায় জড়িত সব সংস্থার নিবন্ধন বাতিলের সুপারিশ

জেলা প্রশাসন কার্যালয়ে এক জরুরি সভায় নাটোরে ফ্রিডম উন্নয়ন সংস্থার মত প্রতারণায় জড়িত আরও যে সব নিবন্ধিত বেসরকারি সংস্থা আছে তাদের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত ওই সভায় একইসঙ্গে অনিবন্ধিত সংস্থাগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

নাটোর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসন কার্যালয়ে এক জরুরি সভায় নাটোরে ফ্রিডম উন্নয়ন সংস্থার মত প্রতারণায় জড়িত আরও যে সব নিবন্ধিত বেসরকারি সংস্থা আছে তাদের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত ওই সভায় একইসঙ্গে অনিবন্ধিত সংস্থাগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। ফ্রিডম উন্নয়ন সংস্থাসহ একই ধরনের বহু সংখ্যক সংস্থা উচ্চহারে মুনাফা দেওয়ার প্রতিশ্র"তিতে গ্রাহকদের কাছ থেকে জামানতের টাকা নিয়ে গা ঢাকা দেওয়ার ঘটনা নিয়ে জেলা প্রশাসন সোমবার সন্ধ্যায় বিশেষ জরুরি সভা করে। সভায় প্রশাসন, পুলিশ, সমাজসেবা, এনজিও ও স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা ফ্রিডম ও ফ্রিডমের মত প্রতারক সংস্থাকে সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন দেওয়ার তীব্র সমালোচনা করেন। তারা অবিলম্বে ফ্রিডমসহ এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত অন্যান্য সংস্থার নিবন্ধন বাতিল ও অনিবন্ধিত সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানান। চার ঘন্টা আলোচনা শেষে জেলা প্রশাসক এস এম এহসান কবীর সমাজসেবা অফিসকে ফ্রিডমসহ এ ধরনের সব সংস্থার নিবন্ধন বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। আর যারা নিবন্ধন না নিয়ে এধরনের প্রতারণা করছে তাদের বিরুদ্ধে দ্রুত পুলিশি পদক্ষেপ নিতে বলেন। সভায় জেলার সকল ইউপি চেয়ারম্যানকে সংশ্লিষ্ট এলাকায় কর্মরত বেসরকারি সংস্থার কার্যক্রম সম্পর্কে তিন দিনের মধ্যে লিখিত মতামত জানাতে বলা হয়। যে সব সংস্থা স্বেচ্ছায় টাকা ফেরত দিতে চায় প্রশাসন তাদের সবরকম সহযোগিতা করবে বলে জানানো হয়। সভায় অংশগ্রহণকারী প্রভাতী গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আজাহার উদ্দিনকে স্থানীয় বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মহুয়া পারভিন লিপির জিম্মায় দেওয়া হয়। তিনি মঙ্গলবার থেকে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪২ ঘ.