ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান মইন উ আহমেদ ভারত সফর শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন। (আরও তথ্যসহ)
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে কর্তব্যরত কর্মকর্তা ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (শনিবার) রাত ৮টা ৫৫ মিনিটে তিনি দেশে ফিরেছেন।"
আমাদের কলকাতা প্রতিনিধি জাানান, শনিবার দুপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তি নিকেতন পরিদর্শনকালে তিনি এ সফরকে 'ফলপ্রসূ' অ্যাখ্যায়িত করে বলেছেন, এ সফরের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।
দুপুর ১২টার দিকে কলকাতা থেকে হেলিকপ্টারযোগে শান্তি নিকেতনে পৌঁছান জেনারেল মইন। বিশ্বভারতীর কর্মকর্তারা তাকে সাদর অভ্যর্থনা জানান।
শান্তি নিকেতনে সেনাপ্রধান কবিগুরুর স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন। এ সময় মইন সাংবাদিকদের বলেন, বিশ্বকবির স্মৃতিধন্য স্থানে আসতে পেরে তিনি অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি হওয়ার ঘটনাটি বাংলাদেশ পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/ডিডি/এমএইচবি/০১১০ ঘ.
bdnews24