ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে প্রীতি ফুটবল ম্যাচে 'বহিরাগতদের অংশ নেওয়ার অভিযোগকে' কেন্দ্র করে শনিবার বিকেলে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চার ছাত্র আহত হয়েছেন। ঘটনার পর হলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষ থামাতে গিয়ে হল প্রাধ্যক্ষও সামান্য আহত হয়েছেন।
প্রাধ্যক্ষ অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, "বিকাল চারটায় হল মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে হল কমিটির প্রীতি ফুটবল ম্যাচ ছিল। সকালে তারা এ ব্যাপারে আমার কাছ থেকে মৌখিক অনুমতি নেয়।"
তিনি বলেন, "তাদের খেলা শুরু হওয়ার পর আমি হল থেকে চলে যাওয়ার জন্য রওনা হই। এ সময় পুকুর পাড়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী আমাকে জানায়, ছাত্রদলের কিছু বহিরাগত ছেলে এখানে খেলতে এসেছে। তারা আমাকে জিজ্ঞেস করে, বহিরাগতরা কেন এখানে খেলতে এসেছে? এ পর্যায়ে ছাত্রদলের ছেলেরা তাদের সঙ্গে কথা বলতে গেলে দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপরই দেখি ছাত্ররা লাঠিসোটা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছে।"
ছাত্রদলকে কেন লিখিতভাবে না দিয়ে মৌখিক অনুমতি দেয়া হলো- এ প্রশ্নের জবাবে প্রাধ্যক্ষ বলেন, "এ হলের মাঠে বিভিন্ন বিভাগ ও হলের ছেলেরা খেলতে আসে। সবসময় যে লিখিত অনুমতি দিতে হয়, তা নয়। অনেককেই মৌখিক অনুমতি দেয়া হয়।"
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে ছাত্রদলের জিয়াউর রহমান হলের রোকনুজ্জামান তালুকদার, জহুরুল হক হলের ছাত্রলীগ কর্মী সামসুল কবির রাহাত, মিজানুর রহমান ও মাজহার আহত হয়। এছাড়া প্রাধ্যক্ষ জাহিদুল ইসলামও মুখে আঘাত পেয়েছেন।
গুরুতর আহত রোকনুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সাংবাদিকদের বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা হয়েছে। এর জের ধরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেক তা আমরা চাই না।"
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপু বলেন, "হলে বহিরাগতদের দেখে ছাত্রলীগের ছেলেরা প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলতে যায়। এ সময় ছাত্রদলের ছেলেরা তাদের বাধা দেওয়ায় ঘটনাটি এতোদূর গড়িয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত থাকার পরও এ ধরনের ঘটনা দুঃখজনক।"
ঘটনার পরপরই প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদ ও উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ ঘটনাস্থলে আসেন।
ক্যাম্পাসের পরিস্থিতি যাতে অস্থিতিশীল না হয়, সেদিকে নজর রাখার জন্য ছাত্রদের প্রতি অনুরোধ করেন উপাচার্য।
প্রাধ্যক্ষ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনা তদন্তে একটি কমিটি করা হবে।
জহুরুল হক হল ও জিয়াউর রহমান হলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/২০৩৮ ঘ.
bdnews24