২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র প্রার্থীদের টিভি বিতর্ক প্রসঙ্গে ৫ মার্চ ইসির বৈঠক

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে টিভি বির্তক অনুষ্ঠানের কর্মকৌশল নির্ধারণের জন্য আগামী ৫ মার্চ বিবিসি, চ্যানেল আই ও বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে টিভি বির্তক অনুষ্ঠানের কর্মকৌশল নির্ধারণের জন্য আগামী ৫ মার্চ বিবিসি, চ্যানেল আই ও বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "মেয়র প্রার্থীদের জন্য এ বিতর্কের আয়োজন করা হবে অনেকটা বিবিসি সংলাপের আদলে। বিবিসি ও চ্যানেল আইয়ে এ ধরনের সংলাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। আমরা ৫ মার্চ তাদের সঙ্গে মত বিনিময় করব। বাংলাদেশ টেলিভিশনও বৈঠকে থাকবে।" তিনি বলেন, "সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা যে নির্বাচনী ইশতিহার প্রকাশ করবেন, যে কর্মপরিকল্পনা তুলে ধরবেন তার ভিত্তিতেই বিতর্ক হবে। কেন্দ্রীয় বা স্থানীয়ভাবেই এ অনুষ্ঠান হতে পারে। সাধারণ জনগণও অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রার্থীদের প্রশ্ন করা ও মতামত দেওয়ার সুযোগ পাবেন।" প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা গত ২৭ ফেব্র"য়ারি জানান, সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের নিয়ে টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানের কথা ভাবছে নির্বাচন কমিশন। মেয়র নির্বাচনের ক্ষেত্রে এ উদ্যোগ সফল হলে জাতীয় সংসদ নির্বাচনের আগেও বিতর্ক আয়োজন করা হবে। চলতি মাসেই রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/১৯১৪ ঘ.