মৌলভীবাজার, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরশহরের কালীঘাট রোডে মোহন লাল কর্মকার (১৫) নামে এক দোকান কর্মচারী খুন হয়েছে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চন্দন তাঁতী (২৪) নামে অপর এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত মোহন লাল শ্রীমঙ্গলের টিপরাছড়া চা বাগানের হরেকৃষ্ণ কর্মকারের ছেলে। সে গত এক বছর ধরে বিমল পালের দোকানে কাজ করতো।
বিমল পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি রাতে দোকান থেকে বাসায় যান। ভোর ৬টার দিকে এসে দেখতে পান মোহন লালের রক্তাক্ত দেহ দোকানের মেঝেতে পড়ে আছে। স্থানীয় লোকদের নিয়ে মোহনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
বিমল পাল জানান, নিহত মোহনের সঙ্গে অপর কর্মচারী চন্দন তাঁতীর বিরোধ ছিল। দোকানের মাল চুরি করতে গিয়ে চন্দন দুই বার মোহনের হাতে ধরা পড়ে।
চন্দন গত বৃহস্পতিবার চার দিনের ছুটি নিয়ে লাখাই বস্তিতে তার বাড়ি যায় বলে বিমল পাল জানান।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আলাউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, ফজরের নামাজ শেষে তিনিসহ অন্যান্য মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে বাসায় ফেরার পথে দোকানের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে তিনি বিমল পালকে খবর দেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
দোকান মালিক বিমল পাল এ ঘটনায় চন্দনকে আসামি করে একটি মামলা করেছেন। এরপরই চন্দন তাঁতীকে গ্রেপ্তার করা হয়। া
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) সাইফুল ইসলাম শনিবার ঘটনাস্থল পরিদর্শনের সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের দ্রুতই বিচারের আওতায় আনার বিষয়ে আমি আশাবাদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24