ঢাকা, ১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বছর ঘুরে আবার এলো স্বাধীনতাকামী বাঙালির জীবনের অবিস্মরণীয় মাস মার্চ। পাকিস্তানীদের উপনিবেশিক শাসনে নিষ্পেষিত বাঙালি এই মার্চেই দ্রোহে ফুঁসে উঠেছিল তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে।
১৯৭১ সালের মার্চের শুরু থেকেই উত্তাল এ জনপদে সপ্তাহ না ঘুরতেই এসেছিল স্বাধিকার আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাক। স্বাধিকারের দাবিকে দমিয়ে রাখতে পাকিস্তানী জান্তার ২৫ মার্চের ভয়াবহ গণহত্যাই হয়তো অখণ্ড পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুতেছিল। বাঙালিকে আর ঠেকিয়ে রাখা যায়নি।
১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু বাঙালিকে ক্ষমতার নায্য ভাগ দিতে নারাজ পাকিস্তানী সামরিক শাসক ইয়াহিয়া খান ১ মার্চ আকস্মিকভাবে জাতীয় পরিষদের পূর্বনির্ধারিত ৩ মার্চের অধিবেশন বাতিল ঘোষণা করলেন। বেতারে এ খবর ছড়িয়ে পড়লে দিকে দিকে জ্বলে ওঠে বিক্ষোভের আগুন।
বঙ্গবন্ধু ডাক দেন অসহযোগ আন্দোলনের। মার্চের শুরু থেকেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, কল কারখানা কার্যত বন্ধ হয়ে যায়। ৭ ই মার্চের ভাষণের পর পাকিস্তানের এ অংশ কার্যত চলতে থাকে বঙ্গবন্ধুর কথায়।
রেসকোর্স ময়দানের (যা আজকের সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল গণসমাবেশেই বঙ্গবন্ধু দিয়েছিলেন সেই অমর ঘোষণা: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১১৪ঘ.
bdnews24