২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে অজ্ঞাত রোগে আরও দুজনের মৃত্যু, রাজবাড়ীতে আক্রান্ত চারজন

মানিকগঞ্জে অজ্ঞাত রোগে বৃহস্পতিবার দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া গ্রামে সুবির হোর (৬) এবং দৌলতপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামে ইসহাক (৭) মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে অজ্ঞাত রোগে বৃহস্পতিবার দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া গ্রামে সুবির হোর (৬) এবং দৌলতপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামে ইসহাক (৭) মারা যায়। এর আগে রোববার ইসহাকের ভাই আজহার (৮) মারা যায়। মঙ্গলবার মারা যায় তার বোন জোসনা (১০)। তারা বিষ্ণুপুর গ্রামের হাশেম আলীর ছেলে। বৃহস্পতিবার একই গ্রামের মজিদের ছেলে সাগর (৮) ও তার বাবা সবেদ আলী (৫০) আক্রান্ত হন। পৌরসভার পূর্ব দাশড়ায় মারা যাওয়া সুবিরের বাবা হিমাংশু হোর জানান, বুধবার রাত ৯টার দিকে খাওয়া-দাওয়ার করে সুবির তার সঙ্গে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখা পান। এর পরে নিশ্চিত হওয়া যায় সে মারা গেছে। বিষ্ণুপুর গ্রামের ইসহাককে মঙ্গলবার সকালে আক্রান্ত অবস্থায় সাভারের এনাম ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানান্তর করা হয় ঢাকার শিশু হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। ইসহাকের বাবা হাশেম আলী সপরিবারে ধামরাইয়ের লাকুরিয়া পাড়া গ্রামে থাকেন। তিনি বিষ্ণুপুরে নিজের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইন্দ্রমোহন সূত্রধর জানান, তিনজনের রোগ লক্ষণ একই। তারা এটাকে নিপা ভাইরাস হিসেবে সন্দেহ করছেন। কিন্তু পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানান তিনি। সুবিরের বোন বিভা হোরসহ ওই পরিবারের অনেকেই জানান, সুবিরের মৃত্যুর পর তার ঠোঁট কালো হয়ে যায়। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বাধার মত লক্ষ্য করা গেছে। তবে তার শরীরে জ্বর ছিল না। মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জামাল উদ্দিন ভুইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সরকারি কাজে ঢাকায় আছি। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুক্তারা বেগমকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।" ডা. মুক্তারা বেগম বলেন, "যেহেতু ঘটনাটি পৌর এলাকার ভেতরে তাই পৌরসভার স্বাস্থ্য বিভাগ থেকে খোঁজ খবর নিয়ে প্রতিবেদন না পাঠানো পর্যন্ত আমাদের পক্ষে কোন পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।" পৌরসভার চেয়ারম্যান সুদেব সাহা বলেন, "পৌরসভায় কোন চিকিৎসক নেই। স্বাস্থ্য বিভাগ চলে একজন পরিদর্শক দিয়ে। তার পক্ষে রোগ নির্নয় বা মৃত্যুর কারণ সম্পর্কে মন্তব্য করা সম্ভব না। এর পরেও ওই পরিদর্শককে খোঁজ খবর নেওয়ার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।" ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান জানান, কি রোগে এসব শিশু মারা গেছে সে ব্যাপারে তারা নিশ্চিত নন। তবে মাঠ পর্যায়ে নমুনা সংগ্রহ করে তারা পরীক্ষা করছেন। আক্রান্তদের দিকেও নজর রাখা হচ্ছে। আমাদের রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলা গ্রামে অজ্ঞাত রোগে সোমবার এক শিশুর মৃত্যুর পর আরও চার জন আক্রান্ত হয়েছে। এদের সবাই রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে দেয়ামত (৫৫) নামে এক ব্যক্তিকে বুধবার মধ্যরাতে প্রচণ্ড জ্বরে অচেতন অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত অন্যরা হলেন- রবিউল (৯), জুয়েল (১২) ও আলেয়া (৩৮)। এছাড়া হালিমা (২৫), মোমেনা (১৫) ও রেফাত আলী (৭) নামে আরও তিনজন বাড়িতে চিকিৎসা নিচ্ছে। বৃহস্পতিবার অজ্ঞাত এই রোগ নির্ণয়ের জন্য ঢাকা থেকে আইইডিসিআর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) চার সদস্যের একটি দল সদর হাসপাতালে ভর্তি রোগীদের রক্ত, মেরুদণ্ডে রস এবং লালা সংগ্রহ করেছেন। তারা বালিয়াকান্দিতে বাড়িতে অবস্থানরত রোগীদের অবস্থাও পর্যবেক্ষণ করেন। এই দলটিতে আছেন- ডা. শারমীন সূলতানা, ডা. নুসরাত হোমায়রা, নিতাই চন্দ্র সাহা ও মো. কামাল উদ্দিন। ডা. নুসরাত হোমায়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোগটি এখনও অজ্ঞাত। নমুনা পরীক্ষার পর বলা যাবে আসলে রোগটি কি? বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন জানান, স্বাস্থ্য, পশুসম্পদসহ অন্যান্য বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করে আক্রান্ত এলাকায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। সকালে সেনাবাহিনীর একটি দলও ওই এলাকা পরিদর্শন করেছে। রাজবাড়ী জেলা প্রশাসক মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, আতঙ্কের কিছু নেই। আক্রান্ত এলাকায় প্রশাসন সতর্ক ও সজাগ দৃষ্টি রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.