ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর বুধবার সকালে বাসার পাশের একটি গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়েছে ছয় বছরের প্রীতি রানী দাসের লাশ। মিরপুর সেনানিবাসের লাগোয়া পল্লবীতে ওই গোয়ালঘরে লাশের পাশ থেকে সেনা সদস্যদের ব্যবহৃত ৫টি ক্যাপ উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার উপ পরিদর্শক হেমায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া না গেলেও তার দেহে ধর্ষণের চেষ্টা ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, "দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেনাসদস্যদের জড়াতে ক্যাপ ফেলে গেছে কীনা তা তদন্ত করে দেখা হচ্ছে।" প্রীতিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।
প্রীতিদের বাসা পল্লবী থানা এলাকার চাকুলী গ্রামে। মিরপুর সেনানিবাসের পাশেই অবস্থিত এ গ্রাম হিন্দুপাড়া নামে পরিচিত। সেনানিবাস প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রীতি মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয়। বিভিন্নস্থানে খোঁজাখুজির পর মেয়েকে না পেয়ে মঙ্গলবার রাত ১টার দিকে প্রীতির বাবা দর্জ্জি প্রদীপ চন্দ্র সরকার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রীতি রানীর পরিবার তার নিখোঁজ হওয়ার বিষয়টি মঙ্গলবার মধ্যরাতে আমাদের জানায়। তার বাবা এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার সকাল ৭টায় ওই পরিবারের পক্ষ থেকে লাশ পাওয়ার কথা জানানোর পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।"
তিনি জানান, প্রীতির লাশের পাশে সেনা সদস্যদের ৫টি ক্যাপ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
একই থানার উপ পরিদর্শক হেমায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান। প্রদীপ চন্দ্র সরকারের বাসার পাশে একটি গোয়াল ঘরে প্রীতির লাশ পড়ে ছিল। লাশের পরনে ছিল শুধু একটি হাফ প্যান্ট।
তিনি জানান, লাশের চোখ, বুক, দুই পা, পিঠ ও যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
হেমায়েত উদ্দিন বলেন, "প্রীতির লাশের ৪ থেকে ৫ ফুটের মধ্যে সেনা বাহিনীর ব্যবহৃত ৫টি ক্যাপ পাওয়া গেছে। এগুলোর একটিতে একজনের নাম লেখা রয়েছে এবং দুটিতে নম্বর রয়েছে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেওয়ার পর মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা থানায় এসে ক্যাপগুলো দেখে গেছেন।"
প্রদীপ চন্দ্র সরকার বুধবার এ ব্যাপারে পল্লবী থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/১৯২২ ঘ.
bdnews24