গাজীপুর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উপকণ্ঠে টঙ্গি শিল্পাঞ্চলে বুধবার দুপুরে প্রায় অর্ধশত ঝুটের গুদামে আগুনে পুড়ে যায়। এ আগুন ছড়িয়ে পড়লে পাশের নামাপাড়া বস্তির অর্ধশতাধিক ঘরও পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানায়, শিল্প এলাকার গার্মেন্টস কারখানাগুলোর পরিত্যক্ত কাপড় (ঝুট) রাখার জন্য মিলগেট এলাকায় ছোট ছোট অর্ধশত গুদাম গড়ে ওঠে। এর পাশেই নামাপাড়া বস্তি।
দুপুর ১টার দিকে একটি গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে গুদামগুলোর পাশের নামাপাড়া বস্তিও গ্রাস করে আগুন। খবর পেয়ে টঙ্গি ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গি ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা হিরণ মিয়া সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে ৫০টি গুদামঘরসহ বস্তির অর্ধশতাধিক ঘর ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, গুদামগুলোর পাশেই পিপলস সিরামিক থাকায় সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু দমকলকর্মীদের তৎপরতায় তা রক্ষা করা গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা অগ্নিকাণ্ডের কারণ দমকলবাহিনী তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬১২ ঘ.
bdnews24