২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পূর্ণ বা আধা সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসছে জুনে

শতভাগ ও ৫১ শতাংশ সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্পূর্ণ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৪৯ শতাংশ আর ৫১ শতাংশ মালিকানাধীনের বেলায় ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে। আগামী ৩০ জুনের মধ্যেই বাজারে আসবে এ শেয়ার। সরকার ওসমানিয়া গ্লাস শিট, এটলাস বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল টিউবস ও ইস্টার্ন কেবলসের ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতভাগ ও ৫১ শতাংশ সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্পূর্ণ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৪৯ শতাংশ আর ৫১ শতাংশ মালিকানাধীনের বেলায় ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে। আগামী ৩০ জুনের মধ্যেই বাজারে আসবে এ শেয়ার। সরকার ওসমানিয়া গ্লাস শিট, এটলাস বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল টিউবস ও ইস্টার্ন কেবলসের ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে যাচ্ছে। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে সরকারি এবং বহুজাতিক কোম্পানির শেয়ার অবমুক্তকরণ সংক্রান্ত শিল্প মন্ত্রণালয়ের এক সভায় এ সব সিদ্ধান্ত হয়। তবে বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত এখনও হয়নি। এ বিষয়ে বহুজাতিক কোম্পানিগুলোর বোর্ডকে রাজি করাতে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিলকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "সরকারি মালিকানার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার।" তিনি জানান, এর অংশ হিসেবে শতভাগ সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের ৪৯ শতাংশ এবং ৫১ শতাংশ মালিকানাধীন বিভিন্ন কোম্পানির ২৫ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যেই এ সব শেয়ার পুঁজিবাজারে আসবে। উপদেষ্টা বলেন, বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে যেখানে সরকারি শেয়ার রয়েছে, এমন কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ড সম্মত না হওয়ায় তাদের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শেয়ার পুঁজিবাজারে ছাড়ার উদ্যোগে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার সরকারি শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দেয়। সরকার এতে সম্মত হয়নি। সরকারের পক্ষ থেকে সরকারি ও বিদেশি বিনিয়োগকারীদের পাঁচ শতাংশ হারে শেয়ার পুঁজিবাজারে ছাড়ার প্রস্তাব করা হয়েছে জানিয়ে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিলকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, "বহুজাতিক কোম্পানিগুলোতে সরকারের শেয়ার কম। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী বাজারে শেয়ার ছাড়ার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। সরকার আশা করে, বোর্ড সভা করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।" সভায় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সরকারি শিল্প প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এমএইচবি/২০১৬ ঘ.