চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত প্রাঙ্গন থেকে রোববার জঙ্গি সন্দেহে আটক আবদুর রহমানকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিচারিক হাকিম আদালতে এই সন্দেহভাজন জঙ্গিকে হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন জানায়। হাকিম গোলাম ফারুক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার দুপুরে আদালত ভবন চত্বরে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য রুহুল আমিনকে প্রিজন ভ্যানে তোলার সময় টাকা দিতে গেলে আবদুর রহমানকে (১৮) কোতয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করে। রহুল আমিন ২০০৫ সালে ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় রাঙামাটির কোতয়ালী থানায় করা মামলার আসামি।
কোতয়ালী থানায় দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক নিবেদিতা দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবদুর রহমান কোনো ধরনের জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত কিনা এবং আগে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের ব্যাপারে তার কাছ থেকে কোনো নতুন তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24