ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাখিল করা সম্পদ বিবরণীর বিষয়ে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক )।
কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবু সাঈদ সোমবার ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী আদালতে এ বিষয়ে আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
আবেদনে আবু সাঈদ বলেন, কমিশনে জমা দেওয়া কোকোর সম্পদের হিসাব বিবরণীর তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এদিকে, একই বিচারক সম্পদ বিরবণীতে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় ড. মহিউদ্দিন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমীরের ব্যাংক লকার পরীক্ষার অনুমতি দিয়েছেন।
গত বছরের ২৪ ডিসেম্বর রমনা থানায় দায়ের হওয়া রমনা থানার ওই মামলায় একমাত্র আসামি সিতারা আলমগীর। এতে অভিযোগ করা হয়, সিতারা অসাধুভাবে ১ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ৭০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তিনি ২২ লাখ ৫১ হাজার ৩৮৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাহিলা খাতুন সোমবার আদালতকে বলেন, সম্পদের তথ্য বিবরণী সংক্রান্ত ওই মামলার তদন্তের স্বার্থে আইএফএফআইসি ব্যাংকের গুলশান শাখায় সিতারা ও তার স্বামী ড. মহিউদ্দিন খান আলমগীরের লকার পরীক্ষা করা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৯৪৭ ঘ.
bdnews24