ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুঠিয়ায় রোববার পুকুরে ডুবে রাজধানীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
স্কুলছাত্রের নাম তুহিন (১৩)। তার বাসা সূত্রাপুর থানার কাজীটোলা এলাকায়। সে ঢাকা গভর্নমেন্ট মুসলিম উচ্চ বিদ্যালয়ে পড়তো।
তুহিনের মা নুরজাহান বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, তুহিন ও তার দুই বন্ধু আরিফ ও রাব্বি রোববার সকালে চুনকুঠিয়ায় যায়। সেখানে তিন বন্ধু একটি পুকুরে গোসল করতে নামলে তুহিন ডুবে যায়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আরিফ ও রাব্বি তুহিনকে পুকুর থেকে তুলে স্থানীয় শাহানা ক্লিনিকে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তুহিনকে সেখান থেকে দুপুর পৌনে ১টায় মিটফোর্ড হাসপাতালে নিলে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তুহিন মারা গেছে।
নুরজাহান বেগম জানান, তার ছেলে চঞ্চল প্রকৃতির ছিল। সে রোভার স্কাউট ও স্থানীয় ফুলকুঁড়ি আসরের সদস্য ছিল।
তুহিনের বাবা বাবলু রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
বাবলু রহমান জানান, তার তিন সন্তানের মধ্যে তুহিনই একমাত্র ছেলে।
এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এমআই/১৮১৮ ঘ.
bdnews24