২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাতকারীদের বর্জন করা হবে: এ কে খন্দকার

যুদ্ধাপরাধীদের সঙ্গে আতাঁত করে নির্বাচনে অংশগ্রহণকারীদের ঐক্যবদ্ধভাবে বর্জন করা হবে বলে সাবধান করে দিলেন সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। শনিবার সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে এ কে খন্দকার এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

সিলেট, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের সঙ্গে আতাঁত করে নির্বাচনে অংশগ্রহণকারীদের ঐক্যবদ্ধভাবে বর্জন করা হবে বলে সাবধান করে দিলেন সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। শনিবার সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে এ কে খন্দকার এ ঘোষণা দেন। প্রত্যেক মুক্তিযোদ্ধাকে দেশের 'সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ' আখ্যায়িত করে মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক বলেন, "মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল চেতনার প্রশ্নে এখনই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা জরুরি।" তিনি বলেন, "যারা আমাদের মা বোনকে পাকিস্তানিদের ক্যাম্পে নিয়ে গিয়েছিল তাদের ক্ষমা করা যায় না। তাদের বিচার হওয়া উচিত। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সারা দেশের দাবি। তাদের বিচার হলে অপরাধ দুর্নীতি কমে যাবে।" সকাল ১১ টায় শুরু হওয়া ৩, ৪ ও ৫ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের এ পুনর্মিলনী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট বিভাগীয় ইউনিটের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও ভাষা সৈনিক দেওয়ান ফরিদ গাজী, সেক্টর কমান্ডার সি আর দত্ত, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, লে. জেনারেল (অবঃ) মীর শওকত আলী, লে. কর্নেল (অবঃ) নূরুন্নবী খান, মেজর জেনারেল (অবঃ) মাসুদুর রহমান, লে. কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী , নাট্যকার ম. হামিদ প্রমুখ। দেওয়ান ফরিদ গাজী বলেন, "জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধভাবে যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করতে হবে। এটি স্বাধীনতার মূলমন্ত্র বাস্তবায়নের সঙ্গে জড়িত। এখনই একাত্তরের গণ হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।" সি আর দত্ত বলেন, "সবাই যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে সোচ্চার। কিন্তু সকল রাজনৈতিক সরকারের ভেতরেই যুদ্ধাপরাধী থাকায় তাদের বিচার সম্ভব হয়নি। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব।" তিনি বলেন, "একাত্তরে আমরা মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকায় পাকিস্তানিদের ১২শ' মাইল দুরে হটিয়ে দিয়েছি। তখন আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকায় আমাদের জয় হয়েছিল। এখনও আমরা ঐক্যবদ্ধ থাকলে এই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব।" কে এম শফি উল্লাহ বলেন, "'জয় বাংলা' ছিল মুক্তিযুদ্ধের শ্লোগান। এটা আওয়ামী লীগের শ্লোগান নয়। এই শ্লোগান বুকে ধারণ করেই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই শ্লোগান ছিল পাকিস্তানিদের আতঙ্ক।" তিনি বলেন, "এই সরকার দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জেলে ভরছে। দুর্নীতিবাজদের চেয়ে যুদ্ধাপরাধীরা আরও ভয়াবহ। তাই এখনই এই সরকারের উচিত তাদের জেলে ভরা।" মীর শওকত আলী বলেন, "আমাদেরকে প্রত্যেক রাজনৈতিক সরকারই ব্যবহার করেছে। কিন্তু আগামীতে আমরা আর ব্যবহৃত হবো না।" তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশে জঙ্গিবাদ সৃষ্টি হতো না। রাজনীতিতে ধর্মের ব্যবহার হতো না।" সেক্টরস কমান্ডার ফোরাম ও বিভাগীয় মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এই পুনর্মিলনী সমাবেশের পর বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/১৯৫৫ ঘ.