কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার মধ্যেও নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন। তিনি বলেন, "জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোন বাধা আছে কিনা আমার জানা নেই। আমি মনে করি নির্বাচন সম্ভব। এমনিতেই বর্তমানে মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।"
উপদেষ্টা উদাহরণ টেনে বলেন, "অতীতেও দেশে জরুরি অবস্থা ও সামরিক শাসনে নির্বাচন হয়েছে।"
শনিবার কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট মিলনায়তনে জেলা পর্যায়ের উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকাদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মতিন বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়ার কথা বলেছেন।
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে। ঢাকায় সীমিত পরিসরে রাজনৈতিক কার্যক্রম চলছে এবং ঢাকার বাইরেও দেশব্যাপী রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে। নিশ্চয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।"
উপদেষ্টা যে কোন মূল্যে বোরো ফলনের কাঙ্খিত লক্ষ্য অর্জনের উপর জোর দেন। এর পাশাপাশি তিনি আইন শৃঙ্খলা রক্ষা ও বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোলতান আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি আমির উদ্দিন, কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক সালাউদ্দিন আল মুরাদ, পুলিশ সুপার মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24