ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণের কারণে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় শুক্রবার ১১টি খামারের ২৮,৬০০ মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে। খামারগুলোতে আগামী ৩০ দিন জীবাণুনাশক ওষুধ ছিটানো হবে বলে পশুসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন।
ওইসব খামারের আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকার গৃহস্থালীর হাঁস-মুরগি ও কবতুরসহ পাখি জাতীয় প্রাণী নিধন করা হবে।
এছাড়া গাজীপুরে নিধন করা হয়েছে আরও সাড়ে সাত হাজার মুরগি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, যৌথবাহিনীর সহায়তায় ঢাকা বিভাগীয় পশুসম্পদ কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে নিধন করা হয় শিলা পোল্ট্রি ফার্মের তিন হাজার ১০০, জুয়েল পোল্ট্রি ফার্মের চার হাজার ৫শ' লেয়ার মুরগি, সোহেল পোল্ট্রি ফার্মের ২ হাজার ১০০ ব্রয়লার, সাঈদ পোল্ট্রি ফার্মের এক হাজার ২০০ ব্রয়লার, পলাশ পোল্ট্রি ফার্মের ১ হাজার লেয়ার, খলিল পোল্ট্রি ফার্মের দুই হাজার ৫০০ ব্রয়লার, লিয়াকত পোল্ট্রি ফার্মের এক হাজার ৯০০ লেয়ার, হকস্ ডেইরি অ্যান্ড পোল্ট্রি ফার্মের দুই হাজার ব্রয়লার, আমির পোল্ট্রি ফার্মের ছয় হাজার লেয়ার, এস ইসলাম পোল্ট্রি ফার্মের এক হাজার ২০০ লেয়ার ও জামান পোল্ট্রি অ্যান্ড এগ্রো কমপ্লেক্সের দুই হাজার ৮০০ ব্রয়লার মুরগি।
ঢাকা বিভাগীয় পশুসম্পদ কর্মকর্তা ডা. ফনীভূষণ মন্ডলের নেতৃত্বে অভিযানে অংশ নেন- ঢাকা জেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, সাভার উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ড. ফরহাদুল আলম, ভেটেরিনারি সার্জন ডা. ফজলে রাব্বী মন্ডল, ফিল্ড অফিসার আবদুল জলিল, মো. আবু হানিফ, আবদুল মোতালেব ও শহীদুল্লাহ কায়সার। এ সময় তাদের সহায়তা করেন সাভার থানা পুলিশ ও সেনা সদস্যরা।
সাভার উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদুল আলম জানান, বুধবার মেহেদি রানা শহীদের শিলা পোল্ট্রি ফার্মের কয়েকটি মৃত মুরগি ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়। সেখানে পরীক্ষার ফলাফলে বার্ড ফ্লু ভাইরাসের আলামত পাওয়া যায়। বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার জন্য বৃহস্পতিবার সাভারের বাংলাদেশ পশুসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়। সেখান থেকে বার্ড ফ্লু নিশ্চিত করা হলে পশুসম্পদ অধিদপ্তর থেকে শুক্রবার মুরগি নিধনের আদেশসহ একটি ফ্যাক্সবার্তা পাঠানো হয় সাভার উপজেলা পশুসম্পদ কার্যালয়ে। ফ্যাক্স পাওয়ার পর তারা নিধন অভিযান চালান।
তিনি জানান, শিলা পোল্ট্রি ফার্ম ছাড়াও অন্য খামারগুলোতে বার্ড ফ্লুর লক্ষণ দেখা যাওয়ায় ১১টি খামারের মুরগি নিধন করা হয়েছে। এভিয়েন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত খামারের এক বর্গ কিলোমিটার এলাকার গৃহপালিত হাঁস মুরগি, কবুতরও নিধন করা হবে।
ফরহাদুল আলম আরও জানান, খামার মালিকদেরকে ব্রয়লার ও লেয়ার মুরগি প্রতি পিস ৯০ টাকা এবং দেশি মুরগি প্রতি পিস ৯৫ টাকা হারে ক্ষতিপূরণ দেওয়া হবে।
সাভার উপজেলা পশুসম্পদ অফিসের ফিল্ড অফিসার ও রেপিড রেসপন্স টিমের (আর আর টি) সদস্য ডা. শহীদুল্লাহ কায়সার জানান, নিধনকৃত মুরগি বস্তায় ভরে ৮ ফুট গভীর গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয়েছে। ওই স্থানে ছিটানো হয় চুন ও জীবাণুনাশক ওষুধ।
এছাড়া আক্রান্ত খামারের বেড়াসহ অন্য সব সরঞ্জামও সরিয়ে ফেলা হবে। সব খামারে আগামী ৩০ দিন ছিটানো হবে জীবাণুনাশক ওষুধ।
শিলা পোল্ট্রি ফার্মের মালিক মেহেদি রানা শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০ বছর যাবত খামার চালিয়ে আসছি এত বড় ক্ষতির সম্মুখিন হতে হয়নি।"
তিনি আরও জানান, তার খামারে ৫ ফেব্র"য়ারি প্রথম চারটি মুরগি মারা যায়। পরে পর্যায়ক্রমে মুরগি মরতে থাকে।
গাজীপুর সদর উপজেলার পশু চিকিৎসক ডা. জহিরুল ইসলামের বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানান, উপজেলার গাছা ইউনিয়নের মেসার্স নূর পোল্ট্রি খামারের ৫ হাজার ৫০০ মুরগি নিধন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় এই নিধন অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির-উদ দৌলা, জেলা পশুসম্পদ কর্মকর্তা ও যৌথবাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন।
ডা. জহির আরও জানান, বার্ড ফ্লু আক্রান্ত পূবাইলের হায়দারাবাদ এলাকার আতাউর পোল্ট্রির এক বর্গ কিলোমিটার এলাকায় অবস্থিত মা পোল্ট্রির ১৯৮৭টি মুরগিও শুক্রবার নিধন করা হয়েছে। এছাড়া ওই খামারের ২৯ 'শ ডিমও ধ্বংস করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার আতাউর পোল্ট্রির ৩৪৪০টি মুরগি নিধন ও ২৪১২টি ডিম ধ্বংস করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24