জয়পুরহাট, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার আক্কেলপুর উপজেলায় অপহরণের আট দিন পর শুক্রবার এক শিশুর অর্ধগলিত লাশ নিজেদের বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। মৃত শিশুর নাম তৃশা (৩)। সে উপজেলার নওজোর গ্রামের অছিম উদ্দিনের মেয়ে।
অছিম উদ্দিন জানান, সকালে বাড়ির পাশের জঙ্গলে কয়েকটি কুকুরকে মৃত কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখে গ্রামের লোকজন লাশটি উদ্ধার করে। পরে তার পরনের ছেঁড়া পোশাক দেখে তৃশার মা মাহফুজা খাতুন লাশ শনাক্ত করেন।
তিনি জানান, গত ১৪ ফেব্র"য়ারি তাকে বাড়ির কাছ থেকে অপহরণ করার পরদিন তৃশার মায়ের কাছে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, এই ঘটনায় ১৫ ফেব্র"য়ারি তৃশার বাবা অছিম উদ্দিন মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ ফেব্র"য়ারি বামনী গ্রামের নুর ইসলাম ওরফে মন্ডল মেম্বার (৪২) ও কানছপাড়া গ্রামের মঙ্গলাকে (৩৫) গ্রেপ্তার করে।
এর পর ১৯ ফেব্র"য়ারি মঙ্গলবার কাশিড়া গ্রামের খোরশেদ (৩২), নাছির (২৮), রায়নগর গ্রামের বাচ্চু (৩৫) ও বাবু (৩০)- এই চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।
ওসি মাহবুবল আলম জানান, মোবাইল ফোন কলের সূত্র ধরে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। তার মোবাইল থেকেই মুক্তিপণ চেয়ে তৃশার মায়ের কাছে ফোন করা হয়েছিল। মোবাইল ফোনের সিমকার্ডটি বাচ্চুর হেফাজতকে পুলিশ উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৫৭ ঘ.
bdnews24