কুষ্টিয়া, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কুষ্টিয়া শহরের কাদেরী সুপার মার্কেটে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে আগুনে পুড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে কাদেরী সুপার মার্কেটের ফোম সেন্টার নামের একটি দোকানে আগুন ধরে। এ সময় দোকানে থাকা মালিক আবু তালেব বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান। ফোম সেন্টার দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত এবং পাশের আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুষ্টিয়া ও পার্শ্ববর্তী জেলার দমকল বাহিনীর ৮-১০টি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর সদস্যরা ফোম সেন্টার তল্লাশি করে ব্যবসায়ী আবু তালেবের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে।
প্রায় দেড় ঘন্টা স্থায়ী এ অগ্নিকাণ্ডে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১৫১৮ঘ.
bdnews24