২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পিকনিকের বাসে আগুন, ১৪ জনের মৃত্যু

চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় বৃহস্পতিবার একটি পিকনিকের বাস দুর্ঘটনায় পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন গার্মেন্টস কর্মী, একজন বাসের হেলপার, একজন মাইকম্যান, একজন পথচারী ও একটি তিন বছর বয়সী শিশু রয়েছে। চট্টগ্রামের ট্রেডস্ক্যান অ্যাপারেলস লিমিটেডের কর্মীদের পিকনিকের গাড়ি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর জেটির রাস্তার মাথায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে আগুন লেগে যায়। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 07:17 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

আনসার হোসেন, কক্সবাজার থেকে কক্সবাজার, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় বৃহস্পতিবার একটি পিকনিকের বাস দুর্ঘটনায় পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন গার্মেন্টস কর্মী, একজন বাসের হেলপার, একজন মাইকম্যান, একজন পথচারী ও একটি তিন বছর বয়সী শিশু রয়েছে। চট্টগ্রামের ট্রেডস্ক্যান অ্যাপারেলস লিমিটেডের কর্মীদের পিকনিকের গাড়ি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর জেটির রাস্তার মাথায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট ও আগুনে পুড়ে ১৩ জন এবং গাড়িটির নিচে পড়ে একজন প্রাণ হারায়। নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের উল্টাখালীর মোহাম্মদ ইসহাকের ছেলে নবী হোসেন (২২), মাইকম্যান ইব্রাহিম (৩৫), গার্মেন্টস কর্মী রেহেনা (২০), হাসিনা (১৭), পারভিন (২৫), জসিম (২৪), পাখি (১৮), নুরুল জামান (৩০), কেয়া (২৫) ও তার তিন বছরের ছেলে (নাম জানা যায়নি) এবং সুপারভাইজার আরিফ (২৫)। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কাজল (২২) ও মিশুর (১৮) অবস্থা আশঙ্কাজনক। তারা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন নারী ও একটি শিশু। বাসের ৫০ জন যাত্রীর সবাই ট্রেডস্ক্যান অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের কর্মী। তারা পিকনিক করতে কক্সবাজার যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৪টি পুড়ে যাওয়া লাশ পাশের ধানি জমিতে ফেলে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জাফর আলম জানান, সকাল ১১টার দিকে পিকনিকের বাসটি (ঢাকা মেট্রো-জ ১৪-২৩৮৬) জেটির ঘাট এলাকায় পৌঁছলে অপরদিক থেকে একটি মাছ বহনকারী মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-০১৩২) হঠাৎ সেটির সামনে এসে পড়ে। বাসের চালক দুর্ঘটনা এড়াতে দ্রুত রাস্তার বাম পাশে সরে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মাঝারি সাইজের বটগাছে গিয়ে পড়ে। গতি বেশি থাকায় বাসটি বটগাছটি ভেঙে পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে পড়ে। খুঁটিটি ভেঙে বাসটির উপর পড়লে পুরো গাড়িতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং আগুন লেগে যায়। আগুনে বাসটির অধিকাংশই পুড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৪ জন মারা যায়। দুর্ঘটনায় বেঁচে যাওয়া গার্মেন্টস কর্মী মোহাম্মদ আকবর বলেন, "সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের দেওয়ানহাট ও মনসুরাবাদ এলাকা থেকে ৬টি বাসে প্রায় তিনশ গার্মেন্টস কর্মী ও পরিবারের সদস্যরা পিকনিক করতে কক্সবাজার যাচ্ছিলাম। এরই একটি বাস দুর্ঘটনায় পড়ে। তবে কী থেকে কী হয়ে গেলো তা মাথায় ঢুকছে না।" গার্মেন্টস কর্মী মো. হৃদয় বলেন, "সামনে একটি ট্রাক পড়ে যাওয়ায় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।" রাত সাতটার দিকে বাংলাদেশ তৈরি-পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা জেলা সদর হাসপাতালে গিয়ে সংগঠনের খরচে লাশ তাদের বাড়িতে পাঠানো এবং দাফনের ব্যবস্থা নিয়েছে। বিজিএমইএ এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ মইনউদ্দিন বলেন, "নিহতদের সবাইকে বিজিএমইএর পক্ষ থেকে দাফনের ব্যবস্থা করা হবে।" কক্সবাজারের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান ও পুলিশ সুপার বনজ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বলেন, নিহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। গার্মেন্টস মালিক পক্ষ যদি মামলা করতে চায় তাহলে নিহতদের লাশের ময়নাতদন্ত করা হবে। মামলা না করলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। পুলিশ সুপার বনজ কুমার মজুমদার জানান, স্থানীয় পথচারী নবী হোসেনের লাশ ঘটনাস্থলেই আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের লাশ কক্সবাজার জেলা সদর থেকেই হস্তান্তর করা হবে। তবে কোন লাশের ময়নাতদন্ত হচ্ছে না। বাস ও মিনি ট্রাকটি আটক করা হয়েছে তবে চালকরা পলাতক রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএআর/এসকে/এমএইচবি/২১৩৫ ঘ.