ঢাকা,২১ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- কারাবন্দী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার সকালে চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সকাল ১০টায় একটি নিসান প্যাট্রোল জিপে (ঢাকা মেট্রো-ঘ ১১-৮৬৫) এ করে তাকে পান্থপথের ওই আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে জানাচ্ছেন গোলাম মোর্তজা অন্তু। (আরো তথ্যসহ ৩)
স্কয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক জন গোমেজ দুপুর সোয়া ১২ টায় সাংবাদিকদের জানান, শেখ হাসিনার অসুস্থতা সংক্রান্ত বিভিন্ন ধরনের পরীক্ষা -নিরীক্ষা চলছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা জিজ্ঞেস করা হলে গোমেজ বলেন, " আমি জানি শেখ হাসিনাকে মেডিকেল চেকআপের জন্য এখানে আনা হয়েছে। পরীক্ষা- নিরীক্ষার পর বোঝা যাবে চিকিৎসকরা কি পরামর্শ দেন।"
আওয়ামী লীগ নেত্রীকে নেওয়ার কিছু সময় আগে থেকেই হাসপাতাল ও তার আশেপাশে র্যাব,পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল। হাসপাতাল এলাকায় পুলিশের প্রায় ৩০টি গাড়ি দেখা গেছে।
উপ মহা কারা পরিদর্শক মেজর (অব.) সামছুল হায়দার ছিদ্দিকী বলেন," দশ জন চিকিৎসক শেখ হাসিনাকে পরীক্ষা করছেন। এ দশজনের মধ্যে শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এবং কারা চিকিৎসকও রয়েছেন।"
যে দশ জন চিকিৎসক শেখ হাসিনাকে দেখছেন, তারা হলেন এবিএম সারওয়ার ই আলম , সুরাইয়া বুলবুল, শাহীন মাহমুদ, মীর্জ্জা নাজিমউদ্দিন, এবিএম আবদুল্লাহ, মুদাচ্ছের আলী, মনোওয়ার হোসেন, শাহ আলম, হাবিব মিল্লাত এবং তহিদুজ্জামান।
এর আগে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় আড়াইশ র্যাব ও পুলিশ সদস্য শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়।
অন্যদিকে পুলিশ কমিশনার নাইম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার স্কয়ার হাসপাতাল এলাকা রেকি করে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার পর শেখ হাসিনাকে যে কোনো সময় সেখানে নেওয়া যাবে বলে কারাগার কর্তৃপক্ষকে জানানো হয়।"
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেত্রী মতিয়া চৌধুরী শেখ হাসিনাকে দেওয়ার জন্য অধ্যাপক আনোয়ার হোসেনের লেখা 'কারাগারের দিনলিপি' ও 'বরেন চক্রবর্তীর রোড নাম্বার ৩২' এ ২টি বই পুলিশের হাতে দেন।
এক পর্যায়ে সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরার নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের ৩০/৪০ জন কর্মী মানব বন্ধনের কায়দায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চলে যান। তাদের সঙ্গে কোনো প্ল্যাকার্ড বা ব্যানার ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ইএইচবি/আরবি/এসকে/১২৪০ঘ.
bdnews24